ম্যাকাই টেস্ট
২৩ বছরের অপেক্ষা শেষে নাজমুলের নতুন চাওয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নাজমুল হোসেন শান্ত। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাসের দরজা খুলেছিল বাংলাদেশ। ম্যাকাইয়ে সেই ইতিহাসের পাশে যুক্ত হয়েছে তিক্ত এক শিক্ষা। দুই টেস্টে ভিন্ন অভিজ্ঞতার পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উপলব্ধি অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে সাফল্য পেতে হলে ২৩ বছর পর নয়, নিয়মিত খেলতে হবে। তার চাওয়া, ভবিষ্যতে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যেন আর এত দীর্ঘ অপেক্ষা করতে না হয়।
ডারউইনে নয় উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মাত্র দু’দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজ শেষ করেছে ১-১ সমতায়। রোববার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অ্যাডাম গিলক্রিস্টের প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘এখানে আসার জন্য যেন আর ২৩ বছর অপেক্ষা করতে না হয়। আমরা যদি আরও নিয়মিত এখানে আসতে পারি, তাহলে আমাদের খেলা আরও ভালো হবে।’ ম্যাকাইয়ের বাড়তি বাউন্স ও বাতাসে সুইং বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলেছিল। দুই ইনিংসেই একশর নিচে অলআউট হয় বাংলাদেশ। তবে কন্ডিশনকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি নাজমুল। তার স্বীকারোক্তি, ‘আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, এটাই সত্য। অজুহাত দিয়ে লাভ নেই। তাদের বোলিং ছিল বিশ্বমানের। আমাদের টেকনিক্যাল জায়গাগুলোতে আরও উন্নতি করতে হবে।’ নিজের ব্যাটিং নিয়েও আত্মসমালোচনা করেছেন অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ৩১ রান করে পর আউট হওয়াকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছেন না তিনি। অধিনায়ক বলেন, ‘আমি সেট হয়ে যে সময় আউট হয়েছি, এটা গ্রহণযোগ্য নয়। ইনিংসটা আরও লম্বা করা উচিত ছিল।’
ম্যাকাইয়ের হার নিয়ে হতাশা থাকলেও ডারউইনের জয়কে কোনোভাবেই ছোট করে দেখছেন না নাজমুল। বরং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়কে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, ‘আপনারা কি ভুলে গেছেন প্রথম টেস্ট? আমি তো ভুলিনি। দেশের মানুষও ভোলেনি। অনেক বড় অর্জন।’ এই সফরের আরেকটি প্রাপ্তি টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের ইতিহাসের সেরা অবস্থান। প্রথমবারের মতো ছয়ে উঠেছে বাংলাদেশ। খবরটি শুনে বিস্মিত হলেও নাজমুল এটিকে ‘অনেক বড় অর্জন’ হিসাবে উল্লেখ করেছেন। সামনে দক্ষিণ আফ্রিকা সফর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে জয়কে ভিত্তি করে আরও বড় স্বপ্ন দেখছেন নাজমুল। তবে তার সেই স্বপ্ন এখনই প্রকাশ করতে চান না। শুধু জানালেন, টেস্ট দল নিয়ে তার ‘অনেক বড় স্বপ্ন’ আছে যা পূরণ করতে পারলে তবেই সেটি প্রকাশ করবেন। দুদিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় টেস্টের বাকি তিনদিন শুয়ে, ঘুমিয়ে কাটাবেন বলেও রসিকতা করেন নাজমুল।
স্কোর কার্ড
বাংলাদেশ প্রথম ইনিংস ৬৪
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২১০ (স্টিভ স্মিথ ৪২, ক্যামেরন গ্রিন ৬৭, নাথান লায়ন ৩২*। শরীফুল ইসলাম ৭/৪৮)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস রান বল ৪ ৬
তানজিদ ক স্টার্ক ব কামিন্স ৯ ৩৪ ১ ০
সাদমান ক লাবুশেন ব স্টার্ক ১ ৩ ০ ০
মুমিনুল ব স্টার্ক ০ ১ ০ ০
নাজমুল ক স্টার্ক ব লায়ন ৩১ ৪৬ ৬ ০
মুশফিকুর নটআউট ২৯ ৮০ ৩ ০
লিটন ক ওয়েবস্টার ব স্টার্ক ০ ১০ ০ ০
মিরাজ ক ক্যারি ব কামিন্স ১ ১১ ০ ০
হাসান ক হেড ব কামিন্স ২ ১১ ০ ০
তাইজুল ব স্টার্ক ৭ ২৪ ০ ০
তাসকিন ক স্মিথ ব লায়ন ৮ ১১ ০ ১
শরীফুল ক স্টার্ক ব লায়ন ০ ২ ০ ০
অতিরিক্ত ৭
(মোট অলআউট, ৩৮.৩ ওভারে) ৯৫
উইকেট পতন : ১/৫, ২/৫, ৩/২৪, ৪/৫১, ৫/৬৩, ৬/৬৮, ৭/৭০, ৮/৮২, ৯/৯৫, ১০/৯৫।
বোলিং : মিচেল স্টার্ক ১০-৩-৩৯-৪, জশ হ্যাজলউড ৭-১-১৬-০, প্যাট কামিন্স ১০-৪-১০-৩, লায়ন ১১.৩-৪-২৫-৩।
ফল : ইনিংস ও ৫১ রানে জয়ী অস্ট্রেলিয়া।
ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ : মিচেল স্টার্ক।
