Logo
Logo
×
   

খেলা

তাসখন্দে শক্তিশালী উজবেকিস্তানের সামনে জেরার্ডের দল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তাসখন্দে শক্তিশালী উজবেকিস্তানের সামনে জেরার্ডের দল

শুরুতেই পাহাড়। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সামনে প্রথম পরীক্ষা স্বাগতিক উজবেকিস্তান। আজ রাত ৮টায় তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে জেরার্ড জোন্সের দল মুখোমুখি হবে শক্তিশালী স্বাগতিকদের। গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও সিরিয়া। প্রথম ম্যাচে অন্তত এক পয়েন্ট আদায় করাই হবে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। দেশ ছাড়ার আগে কোচিং স্টাফ নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও তাসখন্দে এসে সেসব পেছনে ফেলেছে দল। এখন চোখ শুধু মাঠে। প্রস্তুতি নিয়ে প্রশ্ন থাকলেও ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স মনে করছেন, নিজেদের দিক থেকে ঘাটতি রাখেননি তারা। রোববার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে জোন্স বলেন, ‘এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে আমরা ১০টি ম্যাচ খেলেছি। চারটি নিজেদের মধ্যে এবং ছয়টি বাইরের দলের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা ছিল; কিন্তু তা সম্ভব হয়নি।’ তার চোখে প্রস্তুতির সবচেয়ে কার্যকর পরীক্ষা ফর্টিজ এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা পেশাদার দলের বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার অভিজ্ঞতাকে উজবেকিস্তানের বিরুদ্ধে কাজে লাগাতে চান তিনি। উজবেকিস্তানকেও অবশ্য খালি চোখে দেখছেন না বাংলাদেশের কোচ। প্রতিপক্ষ বল দখলে রাখতে পারদর্শী, দ্রুত কাউন্টার-প্রেসিং করে এবং হাই প্রেসিং ফুটবলে অভ্যস্ত। সবই তার নখদর্পণে। তবে দুর্বল জায়গাগুলোও খুঁজে বের করেছেন বলে দাবি জোন্সের, ‘তারা বলের ওপর নিয়ন্ত্রণ ভালো রাখতে পারে, দ্রুত কাউন্টার-প্রেস করে এবং হাই প্রেসিং ফুটবলে অভ্যস্ত। তবে তাদের দুর্বলতার দিকগুলোও আমাদের জানা। আমরা সেগুলোর সুযোগ নেওয়ার চেষ্টা করব।’ স্বাগতিকদের বিপক্ষে নামার আগে তাই আত্মবিশ্বাসী জেরার্ড। তার কথায়, ‘এই দলটি নিয়ে আমি ভীষণ আত্মবিশ্বাসী। আমরা চমৎকার পারফরম্যান্স উপহার দেব, দলের মানসিকতা ফুটিয়ে তুলব। দেশবাসীকে আমাদের আসল সামর্থ্য দেখানোই মূল লক্ষ্য।’ প্রতিপক্ষের শক্তির সঙ্গে যোগ হয়েছে তাসখন্দের কন্ডিশনও। শুষ্ক আবহাওয়া ও তীব্র রোদের সঙ্গে মানিয়ে নিতে ম্যাচের সময়ের সঙ্গে মিল রেখে অনুশীলন করেছে বাংলাদেশ। জোন্সের বিশ্বাস, সেই প্রস্তুতি কাজে লাগবে এবং আবহাওয়ার কারণে উজবেকিস্তান বাড়তি সুবিধা পাবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম