অতিরিক্ত বড় ব্রেস্ট ও স্বাস্থ্যঝুঁকি
ডা. তামান্না আহমেদ
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
অতিরিক্ত বড় ব্রেস্ট ও স্বাস্থ্যঝুঁকি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
শারীরিক সৌন্দর্য এবং সুস্থতা একে অপরের পরিপূরক। নারীদের ক্ষেত্রে স্তন বা ব্রেস্টের আকার ও গঠন শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, এটি তাদের আত্মবিশ্বাস এবং দৈনন্দিন স্বাচ্ছন্দ্যের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজে অনেক নারী স্তনের আকার স্বাভাবিকের চেয়ে বড় হওয়া বা ঝুলে যাওয়াজনিত সমস্যায় ভুগে থাকেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ব্রেস্ট হাইপারট্রফি’। এ সমস্যা যেমন শারীরিক কষ্টের কারণ, তেমনি এটি অনেক সময় মানসিক সংকোচ বা সামাজিক বিড়ম্বনাও তৈরি করে।
* অতিরিক্ত বড় স্তনের শারীরিক সমস্যা
অনেকেই মনে করেন স্তন বড় হওয়া শুধু একটি বাহ্যিক বিষয়। কিন্তু বাস্তবে এর ফলে দীর্ঘমেয়াদি কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে-
▶ পিঠ ও ঘাড়ে ব্যথা : স্তনের অতিরিক্ত ওজনের কারণে মেরুদণ্ড, ঘাড় এবং কাঁধে দীর্ঘস্থায়ী ব্যথার সৃষ্টি হয়।
▶ ত্বকের সংক্রমণ : স্তনের নিচের অংশে ঘাম জমে ছত্রাকজনিত সংক্রমণ বা র্যাশ হওয়ার প্রবণতা বাড়ে।
▶ শারীরিক সীমাবদ্ধতা : খেলাধুলা বা নিয়মিত ব্যায়ামের মতো শারীরিক পরিশ্রমের কাজে চরম অস্বস্তি তৈরি হয়।
▶ ভঙ্গিমা পরিবর্তন : ওজনের ভারসাম্য রক্ষা করতে গিয়ে অনেকের শরীরের স্বাভাবিক ভঙ্গি বা ‘পোশ্চার’ নষ্ট হয়ে যায়।
* ব্রেস্ট রিডাকশন সার্জারি
উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও এখন অত্যন্ত সফলভাবে স্তন ছোট করার অস্ত্রোপচার বা ‘ব্রেস্ট রিডাকশন ম্যামোপ্লাস্টি’ করা হচ্ছে। এটি এমন একটি সার্জিক্যাল পদ্ধতি যার মাধ্যমে স্তন থেকে অতিরিক্ত চর্বি, টিস্যু এবং চামড়া অপসারণ করে শরীর ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি জুতসই আকার দেওয়া হয়।
* চিকিৎসা পদ্ধতি ও ফলাফল
আধুনিক প্লাস্টিক সার্জারির মাধ্যমে এখন খুব সূক্ষ্মভাবে এ অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
▶ আকার ও গঠন ঠিক করা : এ পদ্ধতিতে শুধু স্তন ছোটই করা হয় না, বরং ঝুলে যাওয়া স্তনকে তরুণীদের মতো সুগঠিত (মাস্টোপেক্সি) করা সম্ভব।
▶ নিপল পজিশনিং : স্তন ছোট করার পাশাপাশি নিপল বা বোঁটাকে সঠিক স্থানে স্থাপন করা হয়, যা স্তনের সামগ্রিক সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়।
▶ ন্যূনতম দাগ : উন্নত প্রযুক্তির সুবাদে এখন অস্ত্রোপচারের দাগগুলো সময়ের সঙ্গে সঙ্গে প্রায় অদৃশ্য হয়ে যায়।
* কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
যদি স্তনের অতিরিক্ত ওজনের কারণে আপনার পিঠে ব্যথা হয়, ব্রা-এর স্ট্র্যাপের কারণে কাঁধে গভীর দাগ পড়ে যায় কিংবা আপনি নিজের শারীরিক গঠন নিয়ে হীনম্মন্যতায় ভোগেন, তবে দেরি না করে একজন বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জনের পরামর্শ নেওয়া উচিত।
আজকের দিনে প্লাস্টিক সার্জারি মানে শুধু বিলাসিতা নয়, এটি সুস্থ ও আত্মবিশ্বাসী জীবনযাপনের একটি পথ। সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এ আধুনিক সার্জারির মাধ্যমে আপনি ফিরে পেতে পারেন কাঙ্ক্ষিত শারীরিক গঠন এবং মুক্তি পেতে পারেন দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা থেকে।
লেখক : সহকারী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি ইউনিট, সার্জারি বিভাগ, এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ, তেজগাঁও, ঢাকা।
