Logo
Logo
×

দশ দিগন্ত

শান্তি আলোচনার মাঝেই কুস্তি দেখায় মজেছিলেন ট্রাম্প

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘রোম যখন আগুনে পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন’-ইতিহাসের এই কুখ্যাত উপমাটি যেন নতুন করে ফিরে এলো আধুনিক কূটনীতির মঞ্চে। হাজার বছর আগে রোমের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নিরোর সেই নিস্পৃহতার গল্প প্রতিধ্বনিত হচ্ছে ওয়াশিংটনের করিডরে। যখন ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যকার অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় ব্যস্ত এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এক গভীর অনিশ্চয়তার মুখে-ঠিক সেই সংকটময় মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুস্তি খেলা দেখছিলেন। সংকটের এমন সময়ে দেশের শীর্ষ নেতার এমন ‘নিস্পৃহ’ বিনোদন নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। বিবিসি।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) ম্যাচে দর্শক হিসাবে সরাসরি হাজির ছিলেন ট্রাম্প। শনিবার রাতে মায়ামির কেসায়া সেন্টারে ইউএফসির ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার কয়েক সন্তান, ইউএফসি কর্মকর্তারা, ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, গায়ক ভ্যানিলা আইস এবং পডকাস্টার জো রোগান উপস্থিত ছিলেন। এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানে শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়। ২১ ঘণ্টার ওই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে নেতৃত্ব দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে ভ্যান্স বলেছেন, পাকিস্তানে আলোচনা চলার সময় তিনি ট্রাম্পের সঙ্গে ‘নিয়মিত’ যোগাযোগ রেখেছিলেন। জেডি ভ্যান্স বলেন, ‘আমি জানি না আমরা তাকে কতবার ফোন করেছি। ২১ ঘণ্টায় হয়তো ছয়বার, হয়তো ১২ বার।’ ভ্যান্স আরও বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে দলের সঙ্গে যোগাযোগের মধ্যে ছিলাম, কারণ আমরা আন্তরিকভাবেই আলোচনা করছিলাম।’ ভ্যান্স যখন গণমাধ্যমকে জানান যে-খারাপ খবর হলো কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি, তখন ট্রাম্পকে দেখা যায় খাঁচার পাশে দাঁড়িয়ে একজন বিজয়ী মল্লযোদ্ধার হাইলাইট ভিডিও দেখছেন। তার মুখে ছিল ম্লান হাসি এবং তিনি বিজয়ীদের উদ্দেশে থাম্বস আপ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম