হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আবার কারাগারে নেওয়া হয়েছে। শুক্রবার চিকিৎসা পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়। মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিমকোর্ট ইমরান খানকে রাজধানী ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে তার আইনজীবীরা আবেদন করার পর আদালত এই নির্দেশ দেন। খবর এএফপির।
৭৩ বছর বয়সি ইমরান খানকে শেষ পর্যন্ত শিফা হাসপাতালে নেওয়া হয়নি। তাকে নেওয়া হয় একটি সরকারি হাসপাতালে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, শিফা হাসপাতালে ইমরান খানকে নিতে গেলে তার সমর্থকদের কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে। এ কারণে তাকে সরকারি হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, একজন চক্ষু বিশেষজ্ঞ, একজন হৃদরোগ বিশেষজ্ঞ ও একজন চিকিৎসকসহ যোগ্য চিকিৎসকদের একটি দল ইমরান খানের বিস্তারিত পরীক্ষা করেন। তারা তাকে চিকিৎসার দিক থেকে সুস্থ বলে ঘোষণা করেন। তিনি বলেন, ‘পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়েছে।’
তবে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছে। দলের জ্যেষ্ঠ নেতা ও প্রাদেশিক আইনপ্রণেতা সোহেল আফ্রিদি ইসলামাবাদে সংবাদ সম্মেলনে বলেন, কর্তৃপক্ষ আদালতের নির্দেশকেও গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, ‘এটি পুরো বিচারব্যবস্থার বিরুদ্ধে।’ শুক্রবারের চিকিৎসা পরীক্ষার সময় ইমরানের বোন উজমা খানও উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, তার ভাই বারবার বলছিলেন, ‘আমি ভালো নেই। আমার কোনো বই নেই, কারও সঙ্গে যোগাযোগও নেই।’
