Logo
Logo
×
   

চিত্র বিচিত্র

একদিনে ৩১ হাজার বার লাফ, স্কাইডাইভিংয়ে নতুন বিশ্বরেকর্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম

একদিনে ৩১ হাজার বার লাফ, স্কাইডাইভিংয়ে নতুন বিশ্বরেকর্ড

সংগৃহীত ছবি

একই দিনে বিশ্বের ৪৩টি দেশে ৩১ হাজারেরও বেশিবার স্কাইডাইভ বা আকাশ থেকে লাফ দেওয়ার রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। এর মধ্য দিয়ে এক দিনে সর্বোচ্চসংখ্যক স্কাইডাইভের নতুন বিশ্ব রেকর্ড তৈরি হলো।

শনিবার (১৮ জুলাই) বিশ্ব স্কাইডাইভিং দিবস উপলক্ষে এই বৈশ্বিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের প্যারাসুট অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়ান প্যারাসুট ফেডারেশন, ব্রিটিশ স্কাইডাইভিং এবং কানাডিয়ান স্পোর্ট প্যারাসুটিং অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করে।

আয়োজকেরা জানান, ইভেন্টটিতে এক দিনে মোট ৩১ হাজার ৭৫ বার স্কাইডাইভ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালে গড়া ৩০ হাজার ৩৫১টি স্কাইডাইভের আগের রেকর্ডটি ভেঙে গেছে।

আয়োজকেরা আরও জানিয়েছেন, এই আয়োজনে সব স্তরের স্কাইডাইভাররা অংশ নেন। এমনকি এমন অনেকেই ছিলেন, যারা প্রথমবারের মতো ‘ট্যান্ডেম জাম্প’ (পেশাদার স্কাইডাইভারের সঙ্গে বাঁধা অবস্থায় লাফ দেওয়া) সম্পন্ন করেছেন।

যুক্তরাষ্ট্রের প্যারাসুট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক আলবার্ট বার্চটোল্ড বলেন, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। স্কাইডাইভিং নামের এই রোমাঞ্চকর খেলাটি উদ্‌যাপন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ নির্দিষ্ট ‘ড্রপ জোনে’ ছুটে আসায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এই নতুন রেকর্ড স্কাইডাইভিংয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রতিফলন। এই অর্জন নতুন অংশগ্রহণকারীদের স্বাগত জানানোর পাশাপাশি ওই সব অভিজ্ঞ স্কাইডাইভারদেরও উৎসাহিত করবে, যারা এই খেলার প্রতি নিজেদের অসাধারণ প্রতিশ্রুতি ও একাগ্রতা দেখিয়েছেন।

সব মিলিয়ে ৪৩টি দেশের হাজার হাজার স্কাইডাইভার এক দিনে ৩১ হাজার ৭৫টি জাম্প বা লাফ সম্পন্ন করে এই নতুন বৈশ্বিক রেকর্ড গড়েছেন।

সূত্র: সামা টিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .