মেঘের ওপর কাঁচের পথ আর বাঞ্জি জাম্পিং— চীনের সর্বোচ্চ সেতু এখন পর্যটকদের নতুন গন্তব্য
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি অভাবনীয় নির্মাণ প্রকল্প সম্পন্ন করেছে চীন, যার মধ্যে বিশ্বজুড়ে নজর কেড়েছে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। মাটি থেকে ৬২৫ মিটার উঁচুতে অবস্থিত এই সেতুটি ২০২৫ সালের সেপ্টেম্বরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
বিশ্বের সর্বোচ্চ এই সেতুটিতে রয়েছে লেজার-প্রযুক্তির ৩০০ মিটার দীর্ঘ এক অনন্য কৃত্রিম জলপ্রপাত, যা রাতের বেলায় এর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়।
চীনা কর্তৃপক্ষ সেতুটিকে কেবল যাতায়াতের মাধ্যম হিসেবেই নয়, বরং একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে তুলেছে। এখানে রয়েছে কাঁচের তৈরি হাঁটার পথ (গ্লাস ওয়াকওয়ে), ব্রিজের টাওয়ারের ভেতরে ক্যাফে এবং বাঞ্জি জাম্পিংয়ের মতো রোমাঞ্চকর আয়োজনের ব্যবস্থা। নিত্যনতুন এসব আকর্ষণের টানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন সেতুটিতে।
এমনকি, বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাদের ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা স্থানগুলোর তালিকার শীর্ষেও রেখেছে এই সেতুটিকে।
দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশে অবস্থিত এই পার্বত্য অঞ্চলে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে আগে দীর্ঘ সময় লাগতো। মূলত এই দূরত্ব কমাতেই হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ফলে যেই পথ পাড়ি দিতে আগে দুই ঘণ্টা সময় লাগতো, এখন তা মাত্র এক মিনিটেই পার হওয়া যাচ্ছে।
ইস্পাতের তৈরি এই সেতুটির দৈর্ঘ্য ৯ হাজার ৪৮২ ফুট। ২০২২ সালের জানুয়ারিতে এর নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে তা উন্মুক্ত করা হয়। জানা গেছে, সেতুটি নির্মাণে প্রায় ২০ হাজার টন ইস্পাত ব্যবহার করা হয়েছে, যা তিনটি আইফেল টাওয়ার নির্মাণে ব্যবহৃত ইস্পাতের সমান।
সূত্র: সামা টিভি

