Logo
Logo
×
   

চিত্র বিচিত্র

চার মাসের পরিশ্রমে ৫০০ কেজির রাজকীয় কেক বানিয়ে স্প্যানিশ শেফের চমক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম

চার মাসের পরিশ্রমে ৫০০ কেজির রাজকীয় কেক বানিয়ে স্প্যানিশ শেফের চমক

চার মাসে প্রায় ১,৮০০ ঘণ্টার পরিশ্রমে কেকটি তৈরি করেন স্প্যানিশ খ্যাতনামা পেস্ট্রি শেফ মার্ক সোয়ারেজ।

প্রায় আধা টন ওজন এবং সাড়ে তিন মিটার উচ্চতা—প্রথম দর্শনে কোনো রাজকীয় জাদুঘরের অমূল্য শিল্পকর্ম মনে হলেও এটি আসলে একটি বিয়ের কেক। স্প্যানিশ (কাতালান) খ্যাতনামা পেস্ট্রি শেফ মার্ক সোয়ারেজ তার ক্যারিয়ারের সেরা সৃষ্টি হিসেবে দাবি করেছেন ৫০০ কেজি ওজনের এই নজরকাড়া কেকটিকে। 

দীর্ঘ চার মাসের অক্লান্ত পরিশ্রমে চিনি ও সাদা চকলেটের সমন্বয়ে তৈরি এই কেকটি এক অনন্য শিল্পকর্মে রূপ নিয়েছে। জানা গেছে, সৌদি আরবের একটি অভিজাত পরিবার তাদের রাজকীয় বিয়ের আয়োজনের জন্য বিশেষ এই কেকটির অর্ডার দেয়। 

কেক তৈরির মূল কাজ শুরুর আগে প্রায় দেড় মাস সময় নিয়ে এর সুনির্দিষ্ট নকশা চূড়ান্ত করেন মার্ক সোয়ারেজ। পরবর্তী চার মাসে প্রায় ১,৮০০ ঘণ্টার পরিশ্রমে তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া হয়। 

ফ্রান্সের ঐতিহাসিক ‘প্যারিস অপেরা গার্নিয়ার’-এ আয়োজিত আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠানে কেকটি প্রদর্শন করা হয়। তবে বর-কনে নিজেদের নাম-পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন। 

শেফ সোয়ারেজ জানান, নবদম্পতি এমন একটি কেক চেয়েছিলেন যা সাধারণ কেকের মতো দেখাবে না; বরং দেখতে একটি রাজকীয় সৌধ বা স্মারকের মতো হবে, যা ঐশ্বরিক এই বিয়ে এবং অপেরা গার্নিয়ারের মতো আভিজাত্যপূর্ণ পরিবেশের সঙ্গে মানিয়ে যায়। 

প্রসঙ্গত, কেকটি উচ্চতায় ৩.৫ মিটার (প্রায় সাড়ে ১১ ফুট) এবং চওড়ায় ১.৮ মিটার। সুগার পেস্ট (চিনির মণ্ড) দিয়ে তৈরি ৩৩,০০০ সুক্ষ্ম ফুলের পাঁপড়ি হাতে বসানো হয়েছে এই কেকে। 

তবে চমকপ্রদ বিষয় হলো, পুরো ৫০০ কেজির এই বিশাল কাঠামোর মধ্যে খাওয়ার উপযোগী আসল কেক মাত্র ০.১ শতাংশ! বাকি প্রায় পুরো অংশই হাতে বানানো সুগার পেস্ট এবং হোয়াইট চকলেট দিয়ে তৈরি।

উল্লেখ্য, ইউরোপজুড়ে কেক তৈরির জন্য পরিচিত মার্ক সোয়ারেজ সাধারণত একাই কাজ করেন। তবে এই কাজের ব্যাপ্তি এতই বড় ছিল যে তিনি তার পেস্ট্রি শেফ বন্ধু, পরিবার ও পরিচিতদের সহায়তা নিতে বাধ্য হন। 

এ প্রসঙ্গে সোয়ারেজ বলেন, ‘আমি সাধারণত একাই কাজ করি। কিন্তু এই অর্ডারটি এতটাই বিশাল ছিল যে আমার শেফ বন্ধুদের সঙ্গে নেওয়ার পরও আমাদের লোকের অভাব পড়ছিল।’ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .