হাঁটুসমান বন্যার পানিতেই বিয়ে, ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দম্পতি!
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
ফিলিপাইনে টানা মৌসুমি বৃষ্টি ও বন্যার মধ্যেও থেমে থাকেনি এক যুগলের ভালোবাসার গল্প।
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিপাইনের উত্তরাঞ্চলে টানা মৌসুমি বৃষ্টি ও বন্যার মধ্যেও থেমে থাকেনি এক যুগলের ভালোবাসার গল্প। হাঁটুসমান পানিতে ডুবে থাকা গির্জাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন লিয়ান লিয়েজা গালাং ও গিলবার্ট চিকো নামের এক দম্পতি।
রাজধানী ম্যানিলার উত্তরে হাগোনয় শহরের সেন্ট জন দ্য ব্যাপটিস্ট চার্চে তাদের বিয়ের দিন নির্ধারিত ছিল। তবে ভারী বৃষ্টির কারণে গির্জার ভেতর পর্যন্ত হাঁটুসমান পানি ঢুকে পড়ে। পরিস্থিতি বিবেচনায় চার্চ কর্তৃপক্ষ বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেও তা মানেননি নবদম্পতি।
সাদা বিয়ের পোশাক ও সাদা ফুলের তোড়া হাতে কাদামাখা বন্যার পানি পেরিয়ে গির্জায় প্রবেশ করেন কনে। পরে বরকে সঙ্গে নিয়ে সম্পন্ন করেন বিয়ের সব আনুষ্ঠানিকতা। সংক্ষিপ্ত অনুষ্ঠানের শেষে পুরোহিত তাদের স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা করেন।
বিয়ের আলোকচিত্রী মিকো আলফোনসো জানান, বন্যার পানি ক্রমাগত বাড়তে থাকায় অনুষ্ঠান স্থগিতের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটল ছিলেন লিয়ান ও গিলবার্ট। তিনি আরও জানান, প্রায় এক মাস ধরে গির্জাটির চারপাশ আংশিকভাবে পানিতে ডুবে ছিল। তবুও চার্চের কর্মীরা অনুষ্ঠান আয়োজনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছেন।
মধ্যপ্রাচ্যে রিগার হিসেবে কর্মরত গিলবার্ট চিকো বলেন, বিয়ের স্যুট ভিজে যাওয়ার বিষয়টি তার কাছে কোনো গুরুত্ব বহন করেনি। কারণ তিনি যেকোনো পরিস্থিতিতেই বিয়ে সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।
বন্যার পানিতে চলাচল সহজ করতে কনের পোশাক ছোট করে নেওয়া হয়। এছাড়া পোশাক শুকনো রাখতে তারা উঁচু চাকার রিকশার মতো একটি যানবাহনে করে গির্জায় পৌঁছান।
অনুষ্ঠানের একটি আলোচিত ছবিতে দেখা যায়, কোমরসমান পানি ভেঙে একটি শিশু বিয়ের আংটি বহন করে গির্জার দিকে এগিয়ে যাচ্ছে। বিয়েতে উপস্থিত ছিলেন ১৫ জনেরও কম অতিথি।
এদিকে, চলতি বছরের আগস্ট মাসে স্বাভাবিকের তুলনায় বেশি মৌসুমি বৃষ্টির কারণে ফিলিপাইনের উত্তরাঞ্চলে ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গিলবার্ট চিকো জানান, তাদের মূল পরিকল্পনা ছিল ডিসেম্বরে বিয়ে করার। তবে ভয়াবহ বন্যাও শেষ পর্যন্ত তাদের ভালোবাসা ও একসঙ্গে পথচলার সিদ্ধান্তকে থামাতে পারেনি।
সূত্র: সামা টিভি অনলাইন

