Logo
Logo
×

আন্তর্জাতিক

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই জনসমক্ষে মন্তব্য করেন, তার বন্ধু ও সহকর্মীদের অনেকেই ‘ফ্যাট ড্রাগ’ হিসেবে পরিচিত ওজন কমানোর ওষুধ ব্যবহার করেন। তবে তিনি নিজে কখনো এসব জনপ্রিয় স্থূলতা প্রতিরোধকারী ওষুধ নিয়েছেন কিনা—এ বিষয়ে এতদিন স্পষ্ট কিছু বলেননি।

অবশেষে গত বুধবার দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি কখনোই ওয়েগোভি বা ওজেমপিকের মতো জিএলপি-১ শ্রেণির ওষুধ ব্যবহার করেননি। সরাসরি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি ব্যবহার করিনি। তবে হয়তো ব্যবহার করা উচিত।’

ট্রাম্পের শারীরিক অবস্থার তথ্য অনুযায়ী, প্রথম মেয়াদে ২০২০ সালে তার ওজন ছিল ২৪৪ পাউন্ড। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার তুলনায় সে সময় তিনি স্থূলতার পর্যায়ে ছিলেন। তবে ২০২৫ সালের এপ্রিলে তার ওজন কমে দাঁড়ায় ২২৪ পাউন্ডে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বডি মাস ইনডেক্স (বিএমআই) ক্যালকুলেটর অনুযায়ী, এই ওজন এখনো ‘অতিরিক্ত ওজন’ শ্রেণির মধ্যে পড়ে।

এদিকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ওষুধের দাম কমানোর উদ্যোগ নিয়েছে। গত নভেম্বর মাসে প্রশাসনের পক্ষ থেকে একটি চুক্তির ঘোষণা দেওয়া হয়, যার আওতায় কিছু ওষুধের মাসিক খরচ কমে ১৪৯ ডলারে নামতে পারে।

ওভাল অফিসে ওই চুক্তি ঘোষণার সময় ট্রাম্প মজার ছলে তার সহকর্মীদের দিকে তাকিয়ে জানতে চান, তারা এসব ওষুধ ব্যবহার করেছেন কিনা। তিনি বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে প্রশ্ন করেন, ‘তুমি কি এই ওষুধগুলো খেয়েছো, হাওয়ার্ড?’ উত্তরে লুটনিক বলেন, ‘এখনো না।’

এরপর ট্রাম্প উল্লেখ করেন, সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস)-এর অ্যাডমিনিস্ট্রেটর মেহমেত ওজও এই ওষুধ ব্যবহার করেন না। পরে তিনি চারদিকে তাকিয়ে হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন চিয়াংকে খোঁজেন।

ট্রাম্প তখন বলেন, ‘আমাদের স্টিভ আছে। স্টিভ কোথায়? হোয়াইট হাউসের পাবলিক রিলেশনস প্রধান। সে এটা ব্যবহার করছে।’ তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে স্টিভেন চিয়াং তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম