Logo
Logo
×

আন্তর্জাতিক

বিদেশি ক্রুসহ দুটি তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

বিদেশি ক্রুসহ দুটি তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান

পারস্য উপসাগরে দুটি তেল ট্যাঙ্কার জব্দ করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তথা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা।  তেল চুরির অভিযোগে বিদেশি ক্রুসহ নৌযান দুটি আটক করেন তারা। খবর আল আরাবিয়ার।

তসনিম নিউজ এজেন্সি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদন জানায়, ট্যাঙ্কারগুলোতে কোন দেশের পতাকা ছিল বা ক্রুদের জাতীয়তা কী, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে দেশটির কঠোর পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নৌ-বহর পাঠালে যে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়, তার মধ্যেই এই আটকের ঘটনা ঘটল।

উপসাগরের ইরানের ফারসি দ্বীপের কাছ থেকে জাহাজ দুটি জব্দ করা হয়।  নৌযান দুটিতে ১০ লাখ লিটারেরও বেশি পাচার করা জ্বালানি তেল পাওয়া গেছে এবং মোট ১৫ বিদেশি ক্রুকে বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।


ট্যাঙ্কারগুলো ‘কয়েক মাস ধরে পাচারকাজে লিপ্ত ছিল’ এবং আইআরজিসির নৌবাহিনীর নজরদারি ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে সেগুলো শনাক্তের পর আটক করা হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ইরানে খুচরা বাজারে জ্বালানি তেলের দাম বিশ্বের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের হওয়ায় অন্য দেশে জ্বালানি পাচার করা সেখানে অত্যন্ত লাভজনক। এ কারণে বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ পথ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানি বাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ট্যাঙ্কারকে অনুসরণ করে। এভাবে সাম্প্রতিক মাসগুলোতে ঘটে যাওয়া একই ধরনের ধারাবাহিক ঘটনার মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম