ফ্রান্স-বাংলাদেশ কমিউনিটির প্যারেন্টিং সেমিনার অনুষ্ঠিত
হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পরিচালিত শিক্ষা ও নৈতিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান এমসি ইনস্টিটিউট ফ্রান্সের আয়োজনে প্যারেন্টিং বিষয়ক এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ওভারভিলিয়েতে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখার নিজস্ব মিলনায়তনে আয়োজিত এ সভায় বিপুলসংখ্যক অভিভাবক ও শিশু-কিশোর অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠানের সভাপতি ও প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা শরীফ আল মোমীনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা বর্তমান প্রজন্মের সন্তানদের নৈতিক ও মানসিক বিকাশ, প্রযুক্তিনির্ভর যুগে সন্তান প্রতিপালনের চ্যালেঞ্জ এবং পরিবারে ইতিবাচক যোগাযোগ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, ডিজিটাল যুগে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং তাদের মানসিক চাহিদা বোঝা অত্যন্ত জরুরি। অতিরিক্ত একাডেমিক চাপ সৃষ্টি না করে সন্তানের আগ্রহ ও প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় রক্ষা এবং পারিবারিক মূল্যবোধ জাগ্রত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশ্নোত্তর পর্বে অভিভাবকরা সন্তানের পড়াশোনা, অনলাইন আসক্তি এবং দ্বিভাষিক পরিবেশে বেড়ে ওঠার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন। আলোচকরা এসব প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোরদের জন্য বেলুন ফাটানো খেলা ও রমজানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইফতার শেষে এমসি ইনস্টিটিউট গার্জ লে গনেশ শাখার ক্ষুদে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবার ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে ধারাবাহিক কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন।
