Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানের পার্লামেন্ট স্পিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

যুদ্ধবিরতি লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানের পার্লামেন্ট স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, ফলে বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন হয়ে পড়েছে।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। 

এর আগে, একই দিনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের ১০ দফা প্রস্তাবকে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ইসলামি প্রজাতন্ত্রের উত্থাপিত মূল দাবিগুলো মেনে নেয়। তবে প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ দফা ছিল সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, হামলা বন্ধ করা। কিন্তু এরই মধ্যে ইসরাইল লেবাননে ভয়াবহ হামলা চালায়, যাতে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

গালিবাফ তার পোস্টে বলেন, শুরু থেকেই আমরা বর্তমান প্রক্রিয়াটি অবিশ্বাসের সঙ্গে অনুসরণ করে আসছি, প্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্র আবারও আলোচনা শুরু হওয়ার আগেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ইরানের ১০ দফা পরিকল্পনাই এই আলোচনার ভিত্তি ও কাঠামো।

গালিবাফের মতে, প্রস্তাবের অন্তত তিনটি দফা ইতোমধ্যে লঙ্ঘিত হয়েছে—

১. লেবাননে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রথম দফা মানা হয়নি— যা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ‘তাৎক্ষণিক সর্বত্র যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেছিলেন।

২. ইরানের আকাশসীমায় একটি অনুপ্রবেশকারী ড্রোন প্রবেশ করে, যা ফার্স প্রদেশের লার শহরে ধ্বংস করা হয়— এটি আকাশসীমা লঙ্ঘন না করার শর্তের স্পষ্ট লঙ্ঘন।

৩. ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে ইরানের অধিকার স্বীকারে অস্বীকৃতি, যা প্রস্তাবের ষষ্ঠ দফা ছিল।

তিনি বলেন, আলোচনা শুরুর আগেই ‘মৌলিক আলোচনা কাঠামো’র তিনটি গুরুত্বপূর্ণ ধারা প্রকাশ্যে ও স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা কোনো ধরনের আলোচনা— কোনোটিই আর অর্থবহ নয় বলেও মন্তব্য করেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম