Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বৈঠক আয়োজনে পাকিস্তানের প্রস্তুতি কেমন?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম

ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বৈঠক আয়োজনে পাকিস্তানের প্রস্তুতি কেমন?

ইরানে চলমান আগ্রাসন বন্ধ করে ঐতিহাসিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর চলতি সপ্তাহে ওয়াশিংটন-তেহরানের গুরুত্বপূর্ণ  শান্তি আলোচনা আয়োজনের জন্য প্রস্তুত হয়েছে পাকিস্তান, যা দেশটিকে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছে। এখন ইসলামাবাদের ওপর নজর রাখছেন বিশ্বের নেতারা।

যুদ্ধবিরতির পর একটি স্থায়ী শান্তি কমিশন গঠন করা হচ্ছে এবং ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজক হিসেবে কাজ করছে পাকিস্তান।

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, আলোচনার টেবিল এই সপ্তাহের শেষের দিকে সাজানো হবে এবং প্রথম রাউন্ডের আলোচনা শনিবারের (১১ এপ্রিল) জন্য নির্ধারিত।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিশ্চিত করেছেন যে, ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনাগুলো পাকিস্তানের মাধ্যমে সহজ হয়েছে, যা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকাকে তুলে ধরে।

প্রধান প্রতিনিধি দল ঘোষণা 

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি আগে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার যুদ্ধবিরোধী মনোভাবের জন্য পরিচিত। তার সঙ্গে থাকবেন স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ প্রতিনিধি, যিনি গাজা, ইউক্রেন ও লেবাননে যুদ্ধবিরতি আলোচনায় যুক্ত ছিলেন।

এছাড়া থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাই জারেড কুশনার, যিনি ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মধ্যপ্রাচ্য কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

অপরদিকে ইরানের পক্ষ থেকে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ তেহরানকে প্রতিনিধিত্ব করবেন। গালিবাফ আগে রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) বিমানবাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও তেহরানের মেয়র ছিলেন।

আরাঘচির পূর্ব অভিজ্ঞতা রয়েছে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার, যার মধ্যে স্টিভ উইটকফও রয়েছেন এবং তিনি ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ইরানের পাকিস্তানে রাষ্ট্রদূত রেজা আমিরি তার এক্স অ্যাকাউন্টে ঘোষণা করেছেন, ইরানি প্রতিনিধি দল আজ রাতে ইসলামাবাদ পৌঁছাবে, ‘ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে গুরুতর আলোচনার জন্য।’

যদিও পরে তিনি পোস্টটি ডিলিট করে দেন।

প্রধান আলোচ্যসূচি: যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি, পারমাণবিক বিষয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ১০টি মূল দফার ভিত্তিতে সম্পন্ন হয়েছে, যা সরাসরি আলোচনার পথ সুগম করছে। চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলতে সম্মত হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক তেল পথ।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেছেন যে কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ছুটি ঘোষণা

উচ্চ পর্যায়ের সফর এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে, ইসলামাবাদ বৃহস্পতিবার ও শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করেছে। রাওয়ালপিন্ডিও একই পরিকল্পনা নিয়েছে। সহকারী কমিশনার হাসান ওয়াকার চীমা শহরে দুই দিনের ছুটি ঘোষণা করেছেন।

এই পদক্ষেপগুলো আলোচনার নির্বিঘ্ন পরিচালনা এবং বিদেশি প্রতিনিধি দলের চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি বিভাগের পাঁচটি জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, রেঞ্জার্স, কন্ট্রা টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ ফ্রেমওয়ার্ক কার্যকর করা হয়েছে।

তল্লাশিসহ ব্যাপক অভিযান চলেছে, বাড়ির তথ্য যাচাই, প্রবেশ ও প্রস্থান পয়েন্টে কঠোর চেকিং বৃদ্ধি করা হয়েছে।

পর্যবেক্ষণ ও অভিযান সম্প্রসারণ

ইসলামাবাদের সেসব এলাকায় যৌথ অভিযান চলছে, যার মধ্যে সবজি মণ্ডি, ফায়জাবাদ, তারনোল, শাহজাদ টাউন, হামাক ও করাচি রয়েছে।

রাওয়ালপিন্ডি বিভাগের পিরওয়াধাই, নূর খান এয়ারবেস, হাজি ক্যাম্প, ট্যাক্সিলা, মুড়ি, ঝেলুম, চাকওয়াল এবং আটক-এ বিশেষ টিম মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে চলাচল, আবাসন তথ্য মনিটর কা হচ্ছে। গোয়েন্দা ভিত্তিক অভিযানও চলমান আছে।

নিরাপত্তা সংস্থাগুলো ট্রানজিট পয়েন্ট, বাস স্ট্যান্ড, বাজার, আবাসিক এলাকা এবং অভ্যন্তরীণ ও বহিঃপথে কঠোর নজরদারি চালাচ্ছে। নাগরিকদের বলা হয়েছে যে তারা কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন, যাতে জনসুরক্ষা এবং এই উচ্চ-ঝুঁকিপূর্ণ কূটনৈতিক ইভেন্টের সফলতা নিশ্চিত হয়।

বিশ্বের নজর এখন পাকিস্তানের উপর কেন্দ্রীভূত, ইসলামাবাদ সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: সামা টিভি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম