টেড টার্নার। ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন মিডিয়া জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং সিএনএন এর প্রতিষ্ঠাতা টেড টার্নার ৮৭ বছর বয়সে মারা গেছেন। বুধবার ( ৬ মে ) তার মৃত্যু হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। টার্নার এন্টারপ্রাইজের এক বিবৃতির বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
২০১৮ সালে টার্নার জানান, তিনি ‘লিউই বডি ডিমেনশিয়া’ নামের একটি জটিল স্নায়বিক রোগে ভুগছিলেন। জীবনের শেষ সময়ে তিনি এ রোগের সঙ্গে লড়াই করেছেন।
খেলাধুলাপ্রেমী ও দূরদর্শী উদ্যোক্তা টার্নার তার বাবার বিলবোর্ড ব্যবসা গ্রহণ করে সেখান থেকেই নিজের সাম্রাজ্য বিস্তার শুরু করেন। ১৯৭০-এর দশকে একটি টেলিভিশন স্টেশন কিনে তিনি সম্প্রচার জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে একটি শক্তিশালী মিডিয়া নেটওয়ার্ক গড়ে তোলেন।
১৯৮০ সালে তিনি বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল হিসেবে সিএনএন চালু করেন, যা বৈশ্বিক সংবাদ পরিবেশনায় নতুন যুগের সূচনা করে। বিশেষ করে পারস্য উপসাগরীয় যুদ্ধ চলাকালে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সিএনএন ব্যাপক পরিচিতি লাভ করে।
সিএনএন ওয়ার্ল্ডওয়াইডের প্রধান নির্বাহী মার্ক থম্পসন বলেন, টার্নার ছিলেন নির্ভীক ও দূরদর্শী নেতা, যার ওপর দাঁড়িয়ে আজকের সিএনএন।
১৯৯৬ সালে তার টার্নার ব্রডকাস্টিং সিস্টেমকে টাইম ওয়ার্নারের সঙ্গে একীভূত করা হয়। তবে পরবর্তীতে কর্পোরেট কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে না পেরে তিনি নিয়ন্ত্রণ হারান।
সূত্র: আল জাজিরা
