Logo
Logo
×
   

আন্তর্জাতিক

স্পেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম

স্পেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন ট্রাম্প

বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ন্যাটোতে স্পেনকে ‘খুবই খারাপ অংশীদার’ আখ্যা দিয়ে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি অন্য দেশগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা আর স্পেনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে চাই না। স্পেন ন্যাটোর একটি খুবই খারাপ অংশীদার। তারা যথাযথভাবে অংশ নেয় না, তারা তাদের প্রাপ্য অর্থও দেয় না। আমি স্পেনের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন।’

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে বাণিজ্য অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন। ট্রাম্প বলেন, ‘স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য, এমনকি সফরও বন্ধ করুন। আমি তাদের সঙ্গে আর কোনো বাণিজ্য করতে চাই না। এখনই ব্যবস্থা নিন।’

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় তিনি ন্যাটোর মিত্র দেশগুলোর ওপর এখনো অসন্তুষ্ট।

অন্যদিকে স্পেন ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার প্রস্তাবের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ন্যাটো সম্মেলনে দেশটির অবস্থান আবারও তুলে ধরবেন বলে সোমবার সরকারি সূত্র জানিয়েছে।

স্পেনের যুক্তি, প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করলে দেশের কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা ও টেকসই সরকারি অর্থনীতি বজায় রাখা কঠিন হয়ে পড়বে। তাই মাদ্রিদের মতে, ন্যাটোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক অগ্রাধিকারের মধ্যেও ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম