Logo
Logo
×
   

আন্তর্জাতিক

রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচনের অপেক্ষায় ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম

রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচনের অপেক্ষায় ইরান

‘রাদ-১’ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পগুলোর একটি।

ইরানের প্রথম দেশীয় রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ শিগগিরই উন্মোচন করা হবে বলে জানিয়েছেন দেশটির মহাকাশ সংস্থার চেয়ারম্যান হাসান সালারিয়েহ। প্রযুক্তিগত কিছু কারণে নির্ধারিত সময়সূচিতে সামান্য বিলম্ব হলেও প্রকল্পটির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি জানান। খবর মেহের নিউজ এজেন্সির। 

বুধবার (১৫ জুলাই) দেশটির মহাকাশ কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে সালারিয়েহ বলেন, ‘রাদ-১’ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পগুলোর একটি। এটি মূলত দেশের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত রাডার স্যাটেলাইট।

তিনি জানান, স্যাটেলাইটটি ২০২৬ সালের শুরুর দিকে উন্মোচনের পরিকল্পনা ছিল। তবে মহাকাশ প্রকল্পে সাধারণত দেখা দেওয়া কিছু প্রযুক্তিগত জটিলতার কারণে এর সময়সূচি পিছিয়ে যায়।

সালারিয়েহর মতে, ‘রাদ-১’-এর উন্মোচন ইরানের মহাকাশ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এটি দেশের নিজস্ব স্যাটেলাইট প্রযুক্তি উন্নয়নের সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে।  

তিনি আরও জানান, বর্তমানে ‘রাদ-২’ নামে আরও উন্নত একটি রাডার স্যাটেলাইটের উন্নয়নকাজ চলছে। নতুন এই স্যাটেলাইটটি ‘রাদ-১’-এর তুলনায় অধিক নির্ভুল ও উচ্চমানের চিত্র ধারণ করতে সক্ষম হবে।

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করা সালারিয়েহ বলেন, স্যাটেলাইট উন্নয়ন কার্যক্রমে বেসরকারি খাতের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। ভবিষ্যতে দেশীয় প্রযুক্তিতে তৈরি মাইক্রো ও ন্যানো স্যাটেলাইটগুলোর চিত্র ধারণ ক্ষমতা আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় স্যাটেলাইট তথ্য ও চিত্রভিত্তিক সেবার সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি। তার মতে, এসব প্রযুক্তিনির্ভর সেবা দেশের বিভিন্ন খাতে দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .