পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
‘শাহবাজ শরিফের সরকার পূর্ণ মেয়াদ শেষ করবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান সরকার সাংবিধানিকভাবে নির্ধারিত পাঁচ বছরের পূর্ণ মেয়াদ শেষ করবে এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও পুরো মেয়াদে দায়িত্ব পালন করবেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বুধবার (৫ আগস্ট) ইসলামাবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর দ্য ডনের
এর এক সপ্তাহ আগে নাকভি বলেছিলেন, পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থা ‘ধসে পড়েছে’ এবং সুশাসন, জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে দেশে নতুন প্রশাসনিক ইউনিট বা নতুন প্রদেশ গঠন করা প্রয়োজন।
পরদিনই পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রও দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ভাবার আহ্বান জানান। তার মতে, পরিবর্তিত সময় ও ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে প্রশাসনিক সংস্কার না করলে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন হবে।
বুধবার নাকভি বলেন, ‘সরকার তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে। শাহবাজ সাহেবই পুরো পাঁচ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’
তার আগের মন্তব্য সরকারের বিরুদ্ধে অভিযোগপত্রের মতো কি না—এমন প্রশ্নের জবাবে নাকভি জানান, তিনি এখনো তার বক্তব্যে অটল। তবে তিনি স্পষ্ট করেন, তার সমালোচনা বর্তমান সরকারের নয়, বরং গত ৮০ বছরের পুরোনো প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে।
তিনি বলেন, ‘আজও আমি বলছি, গত ৮০ বছরের প্রশাসনিক ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে। এটি ঠিকভাবে কাজ করলে পাকিস্তান আরও অনেক দূর এগিয়ে যেতে পারত।’
নাকভি বলেন, তিনি সরকারের সমালোচনা করেননি, কারণ তিনিও এই সরকারেরই একজন সদস্য।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। যদি আরও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা থাকত, তাহলে তার কাজের ফলাফল হাজার গুণ বেশি হতো।’
সরকারের সাফল্যের কথা তুলে ধরে নাকভি বলেন, ফেডারেল বোর্ড অব রেভিনিউর (এফবিআর) রাজস্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ভারতবিরোধী যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে এবং বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি তার সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন।
নাকভির আগের বক্তব্য পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। সরকারি জোট, বিরোধী দল এবং বিভিন্ন রাজনৈতিক নেতা তার মন্তব্যের সমালোচনা করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, প্রশাসনিক কাঠামো পরিবর্তনের কথা বলার আগে নাকভির উচিত জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) বাস্তবায়ন এবং নিজের মন্ত্রণালয়ে সংস্কার আনা।
তিনি আরও বলেন, গত তিন বছর ধরে নাকভি নিজেও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নাকভির পদত্যাগ দাবি করে অভিযোগ করেছে, তিনি ‘হাইব্রিড শাসনব্যবস্থাকে সমর্থন’ দিয়ে সংবিধানকে খাটো করেছেন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন।

-6a6caf95baa2f.jpg)
