মরণোত্তর পদোন্নতি পেলেন নিউইয়র্কের সেই বাংলাদেশি পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৮:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাত্র ২০ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাংলাদেশি দিদারুল ইসলাম। সেখানে তিনি পুলিশ ক্যারিয়ার শুরু করেন স্কুল সেফটি এজেন্ট হিসেবে, পরে নিয়মিত পেট্রল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২৮ জুলাই ম্যানহাটনের একটি অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত হন তিনি।সর্বশেষ তিনি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত জানাজার পর তাকে নিউ জার্সির টটোয়ার একটি বেসরকারি কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ, বহু কর্মকর্তা, সহকর্মী, স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা।
জানাজার আগে এনওয়াইপিডির পক্ষ থেকে তাকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড’ পদে উন্নীত করা হয়।
এনওয়াইপিডির ফেসবুক পোস্টে বলা হয়, ‘নগর রক্ষায় নিজের সর্বস্ব দিয়ে গেছেন দিদারুল ইসলাম। তার এই আত্মত্যাগ ও সেবার প্রতি সম্মান জানিয়ে কমিশনার জেসিকা টিশ তাকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেডে পদোন্নতি দিয়েছেন।’
কমিশনার জেসিকা টিশ বলেন, ‘দিদারুল ছিলেন এক সত্যিকারের নায়ক। নায়কোচিতভাবেই আমাদের ছেড়ে গেছেন। শুধু নিউইয়র্ক নয়, বাংলাদেশও তার ওপর গর্ব করতে পারে।’
