Logo
Logo
×

আন্তর্জাতিক

২৫ বছর আগে পুতিনের সান্নিধ্য পাওয়া সেই চীনা বালকের খোঁজ মিলল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:১৫ পিএম

২৫ বছর আগে পুতিনের সান্নিধ্য পাওয়া সেই চীনা বালকের খোঁজ মিলল

চীনের সামাজিক মাধ্যমে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি চীনা শিশুর ২৫ বছর আগের একটি ছবি ভাইরাল হয়। এরপর শুরু হয় সেই ছেলেকে খুঁজে পাওয়ার অভিযান। অবশেষে তার পরিচয় পাওয়া গেছে। বর্তমানে একজন প্রকৌশলী হিসেবে কর্মরত সেই যুবক স্মৃতিচারণ করে বলেন, পুতিনের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল।

পরে চীনা গণমাধ্যম তাকে খুঁজে বের করলে পেং পাই নামে ওই যুবক জানান, তিনি আবারও পুতিনের সঙ্গে দেখা করতে চান এবং ভবিষ্যতে রুশ প্রেসিডেন্ট চীন সফর করলে তাকে আন্তরিকভাবে স্বাগত জানাবেন।

এই ঘটনাটি সামনে আসে যখন রাশিয়া টুডে-এর অফিসিয়াল উইবো অ্যাকাউন্টে গত ১৭ জুলাই একটি পোস্ট দেওয়া হয়, যেখানে ২০০০ সালে চীন সফরের সময় পুতিনের সঙ্গে দেখা হওয়া পেং পাই নামের ছেলেটিকে খোঁজা হচ্ছিল। পোস্টে উল্লেখ করা হয়, পেং পাই সম্ভবত হুনান প্রদেশের ইউইয়াং শহরের বাসিন্দা ছিলেন। পোস্টটি ভাইরাল হলে উইবোতে শুরু হয় একপ্রকার ‘নিখোঁজ ব্যক্তি খোঁজার অভিযান’।

পোস্টে লেখা হয়েছিল, ‘যদি তাকে খুঁজে পাওয়া যায়, তবে এটি সত্যিই অর্থবহ হবে।’

২৫ জুলাই হুনান প্রদেশের সরকারি সংবাদমাধ্যম রেড নেট পেং পাইয়ের সঙ্গে যোগাযোগ করে। তখন তিনি ২০০০ সালের সেই স্মরণীয় দিনের অভিজ্ঞতা শেয়ার করেন। পেং জানান, তিনি তখন হ্রদের ধারে একটি পাথরের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে পুতিনকে হাত নেড়ে অভ্যর্থনা জানাচ্ছিলেন। তখনই পুতিন নিজে এগিয়ে এসে তাকে নিচে নামিয়ে আনেন, কপালে একটি চুমু খান এবং রাশিয়ান ভাষায় কিছু বলেন—যার অর্থ তখন তিনি বুঝতে পারেননি।

পেং বলেন, ‘পুতিনকে আমি একজন সদয় চাচার মতো মনে হয়েছিল। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে তিনি আমাকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম আমাকে খুঁজছে জেনে আমি বিস্মিত হয়েছিলাম। আমি স্পষ্ট মনে করতে পারি, প্রেসিডেন্ট পুতিন সেদিন সশস্ত্র পুলিশদের পাশ কাটিয়ে এসে আমাকে তুলে নেন, কপালে চুমু খান।’

পেং পাই জানান, রাশিয়া সম্পর্কে আগ্রহী হয়ে ওঠা এবং পরে মস্কোতে উচ্চশিক্ষা গ্রহণের সিদ্ধান্ত আংশিকভাবে সেই ছোটবেলার ঘটনার প্রভাবেই এসেছিল।

‘আমি আবারও তার সঙ্গে দেখা করতে চাই, শ্রদ্ধা জানাতে চাই এবং আমার বড় হয়ে ওঠার গল্প শেয়ার করতে চাই। আমি অনেক বদলে গেছি, কিন্তু প্রেসিডেন্ট পুতিন এখনও আগের মতোই সুদর্শন,’—যোগ করেন তিনি।

হুনান ডেইলি সূত্রে জানা গেছে, পেং পাই ২০১৩ সালে মস্কো স্টেট ইউনিভার্সিটি অব অটোমোবাইল অ্যান্ড রোড কনস্ট্রাকশন থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি হুনান কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট গ্রুপের অধীনে ষষ্ঠ প্রকৌশল কোম্পানির পৌর শাখায় একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ও প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম