শুল্ক এখন গলার কাঁটা ট্রাম্পের, মোদির জন্য বড় সিদ্ধান্ত পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
শুল্ক-বোমা ফেলে ভারতকে রাশিয়ান তেল কেনা থেকে বিরত করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বোমাই এখন গলার কাঁটা হয়ে উঠল মার্কিন প্রেসিডেন্টের। কারণ রিপোর্ট অনুযায়ী, ভারতকে আরও সস্তায় তেল বিক্রি করার প্রস্তাব দিল রাশিয়া। আর সেই বিষয়টি সামনে এসেছে চীনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পরে। খবর হিন্দুস্তান টাইমসের।
সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতকে যে তেল বিক্রি করে থাকে রাশিয়া, তার ওপরে প্রতি ব্যারেলে ছাড়ের মাত্র বাড়িয়ে তিন থেকে চার ডলার করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেপ্টেম্বর এবং অক্টোবরের তেলের ওপরে সেই ছাড়ের প্রস্তাব দিয়েছে রাশিয়া। গত সপ্তাহে সেই ছাড়ের অঙ্কটা ছিল ২.৫ ডলার। গত জুলাইয়ে এক ডলার ছাড় দেওয়া হত।
বিষয়টি নিয়ে ভারত বা রাশিয়া সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কূটনৈতিক মহলের মতে, যদি সত্যি-সত্যিই সেই ছাড় দেওয়া হয়, তাহলে বলতেই হবে যে ভারতের ওপর শুল্ক চাপিয়ে নয়াদিল্লি এবং ক্রেমলিনকে আরও কাছাকাছি নিয়ে এসেছেন ট্রাম্প। এমনিতেই ভারত এবং রাশিয়া দীর্ঘদিনের বন্ধু। সেই বন্ধুত্ব আরও ভালো করতে সাহায্য করছেন ট্রাম্প।
যে ট্রাম্প রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপরে বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। সবমিলিয়ে ভারতের ওপরে চাপিয়েছেন ৫০ শতাংশ শুল্ক। পুরো দুনিয়ার ‘মানবতার মূর্ত প্রতীক’, ‘হৃদয়গ্রাহী’, ‘মননশীল’ ট্রাম্প দাবি করেছেন, ভারত রাশিয়ার থেকে যে তেল কিনছে, তার ফলে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারছে মস্কো। মৃত্যু হচ্ছে ইউক্রেনের মানুষের। যাদের জন্য তার মন ‘কেঁদে’ উঠছে।
যদিও যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, তখন ট্রাম্পের মন ‘কেঁদে’ উঠেছে, তা এখনো জানা যায়নি। ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাশিয়ার থেকে যে তেল কেনা হয়, তা ভারতবাসীর জন্য গুরুত্বপূর্ণ। সেখানে যুক্তরাষ্ট্র তো ইউরেনিয়াম, রাসায়নিক সারের মতো জিনিস কিনে থাকে। পরে সেই প্রশ্নটা শুনে কোনো উত্তর দেননি ট্রাম্প।
