Logo
Logo
×
   

আন্তর্জাতিক

মতুয়াদের আস্থা হারাচ্ছে বিজেপি, রাহুলের সঙ্গে বৈঠকে নতুন সমীকরণ

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

মতুয়াদের আস্থা হারাচ্ছে বিজেপি, রাহুলের সঙ্গে বৈঠকে নতুন সমীকরণ

ভোটার তালিকায় বিশেষ পর্যালোচনা বা এসআইআর নিয়ে তোলপাড় অব্যাহত আর সেই প্রভাব এখন স্পষ্টভাবে পড়েছে ভারতের মতুয়া সমাজে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মতুয়ারা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাদের সমর্থন ছাড়া কোনও দল সহজে ক্ষমতার সমীকরণ গড়তে পারে না। 

এ অবস্থায় ৩০ আগস্ট বিহারের সারনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে মতুয়ারা বৈঠকে বসেন যা রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 

জানা গেছে ২৪ জন প্রতিনিধি দলের সদস্যরা প্রায় পনের মিনিট ধরে রাহুলের সঙ্গে কথা বলেন। তারা জানান এসআইআরের কারণে তাদের ভোটাধিকার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, নাগরিকত্ব নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

রাহুল গান্ধী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বৈঠক শেষে মতুয়াদের মধ্যে শ্লোগান ওঠে ‘রাহুল দাদা কাম টু বেঙ্গল, এসআইআরে বিপদ, কংগ্রেসে নিরাপদ’। 

বিশেষজ্ঞরা মনে করছেন এটি নিছক প্রতীকী ঘটনা নয়, বরং বিজেপির জন্য এটি বড় অশনি সংকেত। কারণ বিজেপি গত কয়েক বছরে মতুয়া সমাজকে নিজেদের সঙ্গে রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে, শান্তনু ঠাকুরকে মন্ত্রিত্ব দেওয়ার মতো সিদ্ধান্তও নিয়েছে। কিন্তু বাস্তবে মতুয়ারা এখনও নাগরিকত্বের প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন পাননি, বরং এসআইআরের মতো উদ্যোগ তাদের মধ্যে নতুন আতঙ্ক তৈরি করেছে। 

ভোটের আগে প্রতিশ্রুতির ঝড় আর ভোটের পরে অনিশ্চয়তার বাস্তবতা তাদের হতাশ করেছে। এই প্রেক্ষাপটে কংগ্রেসের দিকে ঝুঁকে পড়া কেবল বিজেপির জন্য নয়, বাংলার ভোট রাজনীতির জন্যও বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। 

এদিকে রাহুলের সঙ্গে বৈঠকে স্থানীয় বিজেপি নেতা তপন হালদারের উপস্থিতি বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। তাকে শোকজ নোটিস ধরানো হলেও ঘটনাটি প্রমাণ করছে মতুয়া সমাজের ভেতরে বিজেপি নিয়ে ক্ষোভ জমাট বেঁধেছে। 

রাজনৈতিক মহলের অভিমত, আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি এই ক্ষোভ আরও প্রসারিত হয় তবে বিজেপির ভোট ব্যাংক ভেঙে পড়তে পারে এবং কংগ্রেস সেই সুযোগে নতুন জায়গা করে নিতে সক্ষম হবে। 

তাই আজকের এই বৈঠক নিছক আনুষ্ঠানিক ঘটনা নয়, বরং এটি বাংলার রাজনীতির ভবিষ্যৎ সমীকরণের এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত যা বিজেপিকে উদ্বিগ্ন করে তুলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম