হোসাইনি চেতনায় জেগে ওঠো মুসলমান
মাহমুদ আহমদ
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বনবী (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে এ পবিত্র মহররম মাসের দশ তারিখে নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদতবরণ করেন। সেদিন প্রকৃত ইসলাম ও সত্যের জন্য হজরত ইমাম হোসাইন (রা.) ইয়াজিদ বাহিনীর কাছে মাথানত না করে যুদ্ধ করে শাহাদতবরণ করেছিলেন।
হজরত ইমাম হোসাইন (রা.) সেদিন ন্যায় ও সত্যের জন্য চরম আত্মত্যাগের যে দৃষ্টান্ত রেখে গেছেন তা অনুকরণীয়। হজরত ইমাম হাসান ও হোসাইন সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, জান্নাতের যুবকদের নেতা তারা। তাদের উভয়ের জন্য রাসূল (সা.) আল্লাহতায়ালার কাছে এ দোয়া করতেন যে, হে আল্লাহ্! আমি তাদের ভালোবাসি, তুমিও তাদের ভালোবাস।
অতএব, যারা রাসূল (সা.) দোয়ার কল্যাণ এতটা লাভ করেছেন আর একইসঙ্গে যারা শাহাদতের পদমর্যাদাও লাভ করেন এমন মানুষ অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে জান্নাতে মহান জীবিকা লাভ করবেন এবং তাদের হত্যাকারী অবশ্যই খোদার গজব এবং ক্রোধের শিকার হবে। এ মহররম মাসে আজ থেকে চৌদ্দশ বছর আগে দশ তারিখে নিষ্ঠুর পাষাণরা রাসূল (সা.)-এর এ প্রিয়কে শহীদ করে। যে শাহাদতের ঘটনা শুনে গা শিউরে ওঠে।
তিনি ইয়াজিদের প্রতিনিধিদের এ কথাও বলেছিলেন যে, আমি যুদ্ধ চাই না, আমাকে যেতে দাও, আমি গিয়ে খোদার ইবাদত করতে চাই বা কোনো সীমান্তে আমাকে পাঠিয়ে দাও যেন ইসলামের জন্য যুদ্ধ করতে করতে আমি শাহাদতবরণ করতে পারি বা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও যাতে আমি তাকে বুঝাতে পারি যে, আসল ব্যাপার কী। কিন্তু তার প্রতিনিধিরা কোনো কথা শোনেনি। অবশেষে যুদ্ধ যখন চাপানো হয় তখন বীরপুরুষের মতো মোকাবিলা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না।
এ স্বল্পসংখ্যক মুসলমান যাদের সংখ্যা ৭০-৭২ হবে তাদের মোকাবিলায় ছিল এক বিশাল সৈন্যবাহিনী। একে একে তারা সবাই শাহাদতবরণ করেন। হজরত ইমাম হোসাইনের ত্যাগ, কুরবানি আমাদের জন্য অনেক শিক্ষা রেখে গেছে। নিজের অধিকার নিজের জীবন বাজি রেখে পৃথিবীতে সত্যের প্রসার করেছেন, সত্যকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সত্য প্রচারের যে আদর্শ রেখে গেছেন, তা সব সময় আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। আর এর ওপর যদি আমরা প্রতিষ্ঠিত থাকি তাহলে সে বিজয়ের অংশ হবে যা ইসলামের জন্য অবধারিত। কারবালা প্রান্তরে তার শাহাদতবরণ ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা।
লেখক : ইসলামি গবেষক ও কলামিস্ট
