মুখ খোলা রেখে পর্দা করা যাবে কিনা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:৪৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গায়ের মাহরামের (যাদের বিয়ে করা জায়েজ) সামনে পরপুরুষের থেকে পর্দা করা ফরজ। এমতাবস্থায় নারীরা বোরকা বা ঢিলেঢালা পোশাক পরে শুধু মুখমণ্ডল ও হাতের কব্জি পর্যন্ত খোলা রাখা যাবে কিনা। তবে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। এ বিষয়ে এবার মুখ খুললেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।
সম্প্রতি মুখ খোলা রেখে পর্দা করা যাবে কিনা গায়ের মাহরামের সামনে এমন প্রশ্নের সামাজিক মাধ্যমে ভিডিওয়ের মাধ্যমে জবাব দিয়েছেন তিনি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, মাহরামের সামনে আপনার পর্দা করতে হবে। এই পর্দার পরিধি কতটুকু, পর্দার সীমানা কতটুকু— এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারিমে বলেছেন, ‘তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, যেটুকু বাহ্যিক অংশ সেগুলো বাদে’।
এখানে বাহ্যিক অংশে বলতে কি বোঝানো হয়েছে, অনেক মুফাসসির বলেছেন, পর্দার জন্য যে পোশাক তিনি পরেন, এই পোশাকেরও বাইরের যে অংশ সে কথা এখানে বলা হচ্ছে যে, এর বাইর থেকে যদি কেউ দৃষ্টিপাত করে বা তার পর্দার পোশাকের ওপরে কেউ দৃষ্টিপাত করে তো সেটা অসুবিধা নাই। সেটা তো প্রকাশ করবেই বা কারণ সেটা তো ঢাকা অসম্ভব, যেটা দিয়ে পর্দা করবে সে অংশটা তো উন্মোচিত থাকবেই, বাইরে থাকবেই এখানে সেটা বলা হয়েছে। ওইটা বাদে বাকি নারী তার সমস্ত সৌন্দর্যকে আবৃত করবেন। এর মধ্যে মুখমণ্ডল শামিল আছে।
এই আয়াতের আলোকে অনেক ওলামায়ে কেরাম বা কোনো কোনো ওলামায়ে কেরাম এর সঙ্গে ভিন্নমত পোষণ করেন যে, মুখমণ্ডল খোলা জায়েজ, কিন্তু অধিকতর নিরাপদ,অধিকতর অগ্রগণ্য এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো— মুখমণ্ডল পর্দার অন্তর্ভুক্ত হবে। কারণ মানুষের সৌন্দর্যের রাজধানী হলো তার মুখমন্ডল। সুতরাং সেটাই যদি খোলা থাকে, তাহলে আর সৌন্দর্য ঢাকার যে নির্দেশ আল্লাহ দিয়েছেন, সেটা আসলে সেভাবে প্রতিপালিত হয় না।
আম্মাজান হজরত আয়েশা (রা.) হজের সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, তিনি যখন হজ করেছেন নবী (সা.)-এর সঙ্গে, তখন তার দৃষ্টি সীমানায় কোনো গায়ের মাহরাম পুরুষ এলে মাথার কাপড় তিনি টেনে দিতেন। এই যে মাথার কাপড় টেনে দিতেন, এখান থেকে বোঝা যায়, তিনি মুখমণ্ডল ঢাকার চেষ্টা করতেন। তো মুখমণ্ডল যদি পর্দার মধ্যে অন্তর্ভুক্ত না হতো, তাহলে তিনি মাথায় থাকা কাপড় কেন টানতেন।
কুরআনের আয়াত ও হাদিস থেকে বোঝা যায় যে, মুখমণ্ডলটা পর্দার অন্তর্ভুক্ত। এখানে ওলামাদের ভিন্নমত আছে ওলামায়ে মুতাকাদ্দিমিন বলেছেন, মুখমণ্ডল খোলা রাখতে পারবে। খোলা রাখা এক জিনিস আর প্রদর্শন আরেক জিনিস। মাথার কাপড় যদি টেনে দেন, তাহলে নিচের দিক থেকে সেটা খোলা আর আজকাল যেটা আছে যে এমনভাবে হিজাব পরা হয় যে, যেন মুখমণ্ডলটাকে আলাদা করে উপস্থাপন করা হয়। এমনভাবে টাইট করে মাথার ওপরে কাপড় বাঁধা হয়।
মোতাকাদ্দিমিন বলেন, খোলা রাখা জায়েজ। এখানে খোলা রাখা বলতে মাথার ওপরে কাপড় টেনে দিলে ঘুমটা যেটাকে বলা হয় তার নিচের দিক থেকে খোলাই থাকে কিন্তু আবার সেটা প্রদর্শন হয়। এখন আমরা অনেকে সেটাকে প্রদর্শনের পর্যায়ে নিয়ে যাচ্ছি, যেটা আসলেই পর্দার যে আওতা আছে সীমানা আছে, সেটার মধ্যে আসলে আসে না, প্রবেশ করে না।
