Logo
Logo
×
   

খবর

প্রধানমন্ত্রীকে কটূক্তি

বাফুফে সদস্য মাহফুজা কিরণ কারাগারে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাফুফে সদস্য মাহফুজা কিরণ কারাগারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্য নির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান আসামিকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার রেফাতুল করিম লেলিন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকালে রাজধানীর ধানমণ্ডি থেকে আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মতিঝিল থানা পুলিশ।

অপরদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে মামলার মূল নথি না থাকায় আদালত আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১২ মার্চ ঢাকার হাকিম আদালতে মানহানির এ মামলাটি করা হয়। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম-সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বাদী হয়ে মামলাটি করেন। আদালত ওই দিনই বাদীর জবাববন্দি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্র জানায়, ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার কিরণ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেন।

কিরণের ওই বক্তব্য ৯ মার্চ রাতে একটি বেসরকারি টেলিভিশন খবরে প্রকাশ করে। এছাড়া ওই বক্তব্য বিভিন্ন দৈনিকেও প্রকাশিত হয়।

যার মাধ্যমে আসামি কিরণ প্রধানমন্ত্রী ও ফুটবল এবং ক্রিকেট সংগঠকদের ৫০ কোটি টাকার মানহানি করেছেন।

মাহফুজা কিরণ কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .