Logo
Logo
×

লাইফ স্টাইল

যত্নের ত্রুটি নেই, তবুও যে কারণে ত্বকে বয়স্কের ছাপ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

যত্নের ত্রুটি নেই, তবুও যে কারণে ত্বকে বয়স্কের ছাপ

ফাইল ছবি

সামাজিক মাধ্যমে চোখ রাখলেই প্রতিদিনে কোনো না কোনো স্কিনকেয়ার আপনার রুটিন চোখে পড়ে। দেশি-বিদেশি প্রসাধনী থেকে ঘরোয়া টোটকা—সবই চোখের সামনে। কী নেই? কিন্তু কাজের বেলা অষ্টরম্ভা। অকালে চুলে পাক ধরার মতো, বয়স হওয়ার আগেই ত্বক বুড়িয়ে যাওয়ার সমস্যা এখন তরুণ প্রজন্মের মধ্যেও দেখা যাচ্ছে। 

ব্রণ, র‌্যাশ, ব্রণের দাগ, ব্ল্যাকহেডস তো ছিলই। এখন বিশের কোঠা পেরোনোর আগেই ত্বক শুষ্ক হয়ে পড়ছে। ফাইন লাইনস চলে আসছে সেই সময় থেকে। অনেকেই মনে করেন, বাইরে থেকে যত্ন নিলেই বোধহয় ত্বক ভালো থাকে। আদতে বিষয়টি তেমন নয়। 

এ বিষয়ে ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের যত্নে শুধু প্রসাধনী নয়, প্রতিদিনের ডায়েটও সমান গুরুত্বপূর্ণ। এমন কিছু খাবার রয়েছে, সেসব খেলে আপনার ত্বকের ক্ষতি হতে বাধ্য। 

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন খাবার ত্বকের ক্ষতি করতে পারে—

পাউরুটি

পাউরুটি ময়দাজাত খাবার। এর গ্লাইসেমিক ইনডেক্সও বেশি। প্রতিদিন খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক নয়। ইনসুলিন হরমোনের তারতম্য ঘটলে প্রদাহজনিত সমস্যাও বৃদ্ধি পায়। ফলে সেবাম ক্ষরণের মাত্রাও উত্তরোত্তর বাড়তে থাকে। ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইডহেডসের মতো ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে।

ভাজাপোড়া

বেশি ভাজাপোড়া খাওয়াও ত্বকের জন্য ক্ষতিকর। এর প্রধান কারণ হচ্ছে তেল। এর সঙ্গে লবণ ও চিনিও। প্রক্রিয়াজাত খাবার, চিপসে লবণ ও চিনি থাকে যথেষ্ট পরিমাণে। দিনের পর দিন এ ধরনের খাবার খেলে প্রদাহজনিত সমস্যা বাড়ে। ফলে ত্বকের ক্ষতি হওয়া স্বাভাবিক।

স্কিম মিল্ক

আপনার শরীরে বাড়তি মেদ জমতে দিতে চান না। তাই ফ্যাট-ফ্রি স্কিম মিল্ক খান। আপাতভাবে স্বাস্থ্যকর মনে হলেও এ পানীয়টি ত্বকের জন্য মোটেও ভালো নয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে— স্কিম মিল্ক খেলে ত্বকে ব্রণের আধিক্য হয়।

চকোলেট

চকোলেটপ্রেমীদের এ বিষয়টি জেনে রাখা ভালো। কারণ স্বাস্থ্যকর খাবারের তালিকায় ডার্ক চকোলেট থাকলেও মিল্ক চকোলেটকে ফেলা যাবে না। কারণ এ ধরনের চকোলেটে চিনি ও দুধ— দুটিই আছে। ত্বকের ক্ষতি করার জন্য এ দুটি উপকরণ যথেষ্ট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম