Logo
Logo
×
   

লাইফ স্টাইল

দিনে মাত্র ৫ মিনিটের ব্যায়ামই কমাতে পারে অকালমৃত্যুর ঝুঁকি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম

দিনে মাত্র ৫ মিনিটের ব্যায়ামই কমাতে পারে অকালমৃত্যুর ঝুঁকি

ফাইল ছবি

প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের মাঝারি মাত্রার শারীরিক ব্যায়ামও দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য বড় ধরনের উপকার বয়ে আনতে পারে। নতুন এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, হাঁটা, সাইকেল চালানো বা সিঁড়ি বেয়ে ওঠার মতো সাধারণ শারীরিক কর্মকাণ্ডে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় বাড়ালেই প্রায় ১০ শতাংশ অকালমৃত্যু প্রতিরোধ করা সম্ভব। এতে বিশ্বের কোটি কোটি মানুষের আয়ু বাড়তে পারে বলে মনে করছেন গবেষকেরা।

গবেষণাটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও স্ক্যান্ডিনেভিয়ার প্রায় দেড় লাখ প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণের মাধ্যমে পরিচালিত হয়েছে। গবেষণার প্রধান লেখক এবং নরওয়েজিয়ান স্কুল অব স্পোর্টের অধ্যাপক উলফ একেলুন্ড বলেন, প্রতিদিন মাত্র পাঁচ মিনিট বেশি নড়াচড়া করলেও জনসংখ্যার সামগ্রিক স্বাস্থ্য ও আয়ুষ্কালে ইতিবাচক প্রভাব পড়ে। তবে তিনি মনে করিয়ে দেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করার লক্ষ্য থেকেই যেতে হবে।

গবেষণায় আরও দেখা গেছে, প্রতিদিন বসে থাকার সময় মাত্র ৩০ মিনিট কমাতে পারলেও অকালমৃত্যুর ঝুঁকি প্রায় ৭ শতাংশ হ্রাস পায়। কারণ দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকা হৃদ্রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রোড আইল্যান্ডের কাইনেসিওলজির সহকারী অধ্যাপক নিকোল লগান বলেন, নিয়মিত শারীরিক কর্মকাণ্ড মানসিক চাপ ও কর্মক্ষয় কমাতে সাহায্য করে। একই সঙ্গে পেশির শক্তি, হাড়ের স্বাস্থ্য এবং শারীরিক সক্ষমতা দীর্ঘ ও সুস্থ জীবনের গুরুত্বপূর্ণ পূর্বাভাস হিসেবে কাজ করে।

গবেষকেরা ‘এক্সারসাইজ স্ন্যাকিং’ নামে একটি ধারণার ওপরও গুরুত্ব দিয়েছেন। এর অর্থ হলো, জিমে দীর্ঘ সময় ব্যায়াম করার পরিবর্তে সারাদিনে কয়েকবার অল্প সময়ের জন্য শরীরচর্চা করা। যেমন দ্রুত সিঁড়ি বেয়ে ওঠা, ঘরের কাজ দ্রুত করা, রান্নার অপেক্ষায় স্কোয়াট করা, গান শুনে নাচা বা টেলিভিশন দেখার ফাঁকে কিছু পুশ-আপ দেওয়া। এসব ছোট ছোট কর্মকাণ্ড হৃদ্স্পন্দন বাড়ায় এবং বিপাকক্রিয়াকে সক্রিয় রাখে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অভ্যাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার, গন্তব্য থেকে কিছুটা দূরে গাড়ি পার্ক করা কিংবা প্রতিদিন একটু বেশি হাঁটার মতো ছোট পরিবর্তনও দীর্ঘমেয়াদে বড় স্বাস্থ্যগত সুফল এনে দিতে পারে।

এ ছাড়া গবেষণায় দেখা গেছে, অ্যারোবিক ব্যায়ামের পাশাপাশি পেশিশক্তি বৃদ্ধির ব্যায়ামও আয়ু বাড়াতে সহায়ক। বিশেষ করে ৬০ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে এ ধরনের ব্যায়াম হৃদ্স্বাস্থ্য উন্নত করে, পেশির সহনশক্তি বাড়ায় এবং মৃত্যুঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষকদের মতে, সুস্থ থাকতে সব সময় কঠোর ব্যায়াম নয়, বরং প্রতিদিনের জীবনে নিয়মিত একটু বেশি নড়াচড়াই হতে পারে দীর্ঘ জীবনের সহজ চাবিকাঠি।

সূত্র: বিবিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম