Logo
Logo
×

প্রথম পাতা

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

লাখ লাখ মানুষের সমাগমে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে জনতার কাছে সদ্যপ্রয়াত খালেদা জিয়ার জন্য দোয়া চান তার বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে ওনাকে (খালেদা জিয়া) বেহেশত দান করেন।’ তারেক রহমান আরও বলেন, মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে তারা যেন তার (তারেক রহমান) সঙ্গে যোগাযোগ করেন। তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন।

তারেক রহমান আরও বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে তার কোনো ব্যবহারে, কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে তিনি ক্ষমাপ্রার্থী।

এর আগে বেলা পৌনে ৩টার দিকে জানাজা কার্যক্রম সঞ্চালনা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক সংগ্রাম, সাফল্য ও নিগ্রহের শিকার হওয়ার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, দলমতনির্বিশেষে সবার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান নিয়ে খালেদা জিয়া বিদায় নিলেন। তিনি রেখে গেলেন অনন্য উদাহরণ। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তার বাসভবনে কুরআন পাঠ ও দোয়া করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম