তারেকের সঙ্গে সাক্ষাৎ
সহমর্মিতা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদ ভবনে বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং সহমর্মিতা জানাচ্ছেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক -প্রধান উপদেষ্টার প্রেস উইং
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তারা বেগম খালেদা জিয়ার জানাজার আগে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে দেখা করেন। দুজনই নিজ নিজ দেশের সরকার ও জনগণের পক্ষে শোক ও সহমর্মিতা জানান।
দুপুরে তারেক রহমানের সঙ্গে দেখা করেন এস জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন। দেড়টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ‘খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।’ এদিন বেলা সাড়ে ১১টায় এস জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থা ও কনস্যুলারবিষয়ক) এম ফরহাদ হোসেন।
বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এদিন ঢাকায় পৌঁছান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি বেগম খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া অপর এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকায় পাকিস্তানের স্পিকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ : পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে ঢাকায় সাক্ষাৎ হয়েছে। এ সময় তারা একে অপরের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। তবে তাদের মধ্যে দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। দুজনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় অবস্থান করছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যমটি এ সাক্ষাৎকে ‘বড় ব্রেকথ্রু’ হিসাবে অভিহিত করেছে। এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি মে ২০২৫-এর পর প্রথম উচ্চপর্যায়ের সাক্ষাৎ। বিশ্লেষকদের মতে, ঢাকায় এই সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। শোকানুষ্ঠানের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ভবিষ্যতে পাকিস্তান-ভারত সম্পর্কের বরফ গলতে পারে এমন ইঙ্গিতও দিচ্ছে।
অন্যদিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের আয়াজ সাদিকের মধ্যে বৈঠকের কথা জানানো হয়েছে।
শ্রদ্ধা জানাতে আসেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধি : এদিন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন সার্কভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধি। ভারত-পাকিস্তান ছাড়া অন্য দেশগুলোর প্রতিনিধি হলেন-নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।
