Logo
Logo
×

শেষ পাতা

শোক বইয়ে স্বাক্ষর

খালেদা জিয়ার আদর্শ সামনে রেখে কাজ করে যাব: সালমা ইসলাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার আদর্শ সামনে রেখে কাজ করে যাব: সালমা ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে -যুগান্তর

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যমুনা গ্রুপ চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম। বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও যমুনা গ্রুপের পরিচালক (ল্যান্ড অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন) আব্দুল খালেক এবং দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক বিএম জাহাঙ্গীর।

নারী শিক্ষার প্রসারে খালেদা জিয়ার অবদান উল্লেখ করে সালমা ইসলাম বলেন, এ পৃথিবী যতদিন থাকবে ততদিন নারী শিক্ষার ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি একজন নারী হিসাবেই নারীদের মর্যাদা সুরক্ষায় অনেক কাজ করে গেছেন। এছাড়া তিনি তার কাজের মধ্য দিয়ে নিজেকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি শুধু বিএনপি চেয়ারপারসন ছিলেন না, হয়ে উঠেছিলেন দেশের অভিভাবক। প্রতিটি রাজনৈতিক দল তাকে সেভাবে সম্মান করেছে। আজ তিনি আমাদের মাঝে আর নেই, তবে তার আদর্শকে সামনে রেখে আমরা কাজ করে যাব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হারিয়ে আমাদের দেশের কত বড় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তার জন্য যতটুকু সময় বরাদ্দ রেখেছিলেন তিনি সেই সময়ের মধ্যে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন। তিনি এত কীর্তি রেখে গেছেন যা দেখলে মনে হয়, আল্লাহ তাকে মানবসেবার জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই সমাজে মানুষের কত কষ্ট, তিনি সেগুলো দেখেই জাতিকে কিছু দেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজেকে সেভাবে প্রস্তুত করেছিলেন।

খালেদা জিয়ার সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে যমুনা গ্রুপ চেয়ারম্যান বলেন, খালেদা জিয়াকে পদে পদে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু তিনি পিছপা হননি। সব সময় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাহসের সঙ্গে সামনের দিকে এগিয়েছেন, কারণ তিনি ছিলেন সত্যিকার অর্থেই আপসহীন। তিনি জনগণের জন্য যেসব কাজ করেছেন, যেসব নির্দেশনা দিয়েছেন, একজন নারী হিসাবে তার কারণে আমি গর্ববোধ করি। তার আদর্শ ও রেখে যাওয়া কাজগুলো ধারণ করে আমিও মনে মনে সে পথেই হেঁটেছি। সালমা ইসলাম বলেন, খালেদা জিয়া আমাদের মধ্যে চিরকাল ছায়া হয়ে পাশে থাকবেন।

বেসরকারি খাত প্রসারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, দেশের ব্যবসা-অর্থনীতি সম্প্রসারণে তিনি অসামান্য অবদান রেখেছেন। তার সরকারের মেয়াদে দেশে ব্যাপকভাবে শিল্পোন্নয়ন ছাড়াও ব্যবসা-বাণিজ্যের অভূতপূর্ব উন্নতি হয়। তিনি প্রকৃত অর্থে ব্যবসায়ীদের পাশে ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম