আইনুল হক কাসেমির অবিলম্বে মুক্তি দাবি জুলাই জোটের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম
মাওলানা আইনুল হক কাসেমির মুক্তি চেয়েছে জুলাই জোট।
|
ফলো করুন |
|
|---|---|
মিথ্যা মামলায় কারান্তরীণ গবেষক আলেম ও জুলাই যোদ্ধা মাওলানা আইনুল হক কাসেমিকে নিরপরাধ দাবি করে অবিলম্বে তার মুক্তি চেয়েছে জুলাই জোট।
বুধবার (৮ এপ্রিল) সংগঠনটির অফিস সচিব মাওলানা সাজিদ আব্দুল্লাহর পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
মাওলানা আইনুল হক কাসেমি দীর্ঘদিন কারাবন্দি থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জুলাই জোটের বিবৃতিতে বলা হয়, দৈনিক প্রথম আলো অফিস ভাঙচুরের ঘটনায় মুফতি আইনুল হক কাসেমির কোনো সম্পৃক্ততা নেই। তাকে এ মামলায় জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি সম্মানিত আলেমকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন বিনা বিচারে কারাবন্দি রাখা একটি স্বাধীন দেশের ন্যায়বিচার ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। অবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে মুফতি আইনুল হক কাসেমির নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।
সংগঠনটি মনে করে, একজন আলেমকে ১০০ দিনেরও অধিক সময় ধরে আটক রাখা ন্যায়বিচার ও মানবাধিকারের সুস্পষ্ট পরিপন্থী।
উল্লেখ্য, এর আগে মাওলানা আইনুল হক কাসেমিকে নিরপরাধ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
