Logo
Logo
×

জাতীয়

পদোন্নতি বঞ্চিত মেধাবীদের প্রতিদান

সীমিত পরিসরে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে বিএনপি সরকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

সীমিত পরিসরে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে বিএনপি সরকার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর খুবই সীমিত পরিসরে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। বিগত সতেরো বছরে প্রশাসনসহ সব সার্ভিসে যেসব মেধাবী, দক্ষ ও সৎ কর্মকর্তা পদোন্নতি বঞ্চনাসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন- তাদের দেশের স্বার্থে কাজে লাগানো হবে। তবে সরকার চুক্তিভিত্তিক নিয়োগের চর্চা বেশিদিন করবে না। মেধাভিত্তিক গতিশীল প্রশাসন গড়ে তোলার প্রশ্নে সরকারের মেয়াদে সর্বোচ্চ দুই বছরের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগের লাগাম টেনে ধরা হবে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের মহাসচিব ও পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা সোমবার (১৬ ফেব্রুয়ারি) যুগান্তরকে বলেন, ‘দায়িত্ব নিতে যাওয়া বিএনপি সরকারকে কিছু চুক্তিভিত্তিক নিয়োগ দিতেই হবে। কারণ বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অসংখ্য মেধাবী ও যোগ্য কর্মকর্তাকে প্রতিপক্ষ রাজনৈতিক ট্যাগ দিয়ে দফায় দফায় পদোন্নতি বঞ্চিত করা হয়। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়ে সুযোগ থাকলেও যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি- এমন কর্মকর্তার সংখ্যাও কম নয়। ফলে কাঙ্ক্ষিত মেধাভিত্তিক দক্ষ প্রশাসন করতে চাইলে আমাদের কিছু সিনিয়র স্যারদের কাজের সুযোগ দিয়ে মূল্যায়ন করতে হবে।’

সূত্র জানায়, শুধু জনপ্রশাসনে নয়, সব সার্ভিসে যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন- তাদের সুযোগ ও সক্ষমতা অনুযায়ী বিএনপি সরকার মূল্যায়ন করার উদ্যোগ নেবে। তবে মূল লক্ষ্য থাকবে- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একেবারে রাজনীতির বাইরে রেখে শুধুমাত্র জনস্বার্থে কাজে লাগানো। সরকারি কর্মচারীদের দক্ষতাবৃদ্ধিসহ তাদের জনগণের সেবা দেওয়ার মানসিকতায় গড়ে তোলা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম