Logo
Logo
×

জাতীয়

‘প্রতীক বিষয়ে সিদ্ধান্তের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম

‘প্রতীক বিষয়ে সিদ্ধান্তের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকের বিষয়টি সংসদে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। আইন আকারে পাশ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। 

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট সফরকালে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় এবং সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় বা দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হয়েছিল, যা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করে দলীয় প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের বিধান করেছে। আগামী ১২ মার্চ অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হবে এবং কোন অধ্যাদেশ গৃহীত হবে তা সংসদই নির্ধারণ করবে।

তিনি বলেন, নির্দলীয় নির্বাচন হলে সেখানে কারা অংশ নেবে তা সরকারের বিবেচ্য বিষয় নয়। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো অনিয়ম বা প্রভাব খাটানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত এলে প্রয়োজনে ওয়ার্ড পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, নাগরিকদের প্রত্যক্ষ উপকারে আসে—এমন প্রকল্প দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে। 

প্রতিমন্ত্রী সিলেটের জলাবদ্ধতা নিরসনে খাল ও ছড়া খনন, সুরমা নদীকেন্দ্রিক সমন্বিত উন্নয়ন, খালের দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, পরিবেশবান্ধব পদ্ধতিতে সড়ক সংস্কার, সিটি ওয়াসা প্রতিষ্ঠা এবং নতুন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন।

নতুন প্রকল্প প্রস্তাব আকারে উপস্থাপন করা হলে তা পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। নগর পরিচ্ছন্নতার প্রশংসা করে সরকারের ওপর নির্ভরতা কমিয়ে সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। 

সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, নাগরিকদের প্রত্যাশা ধারণ করেই দায়িত্ব পালন করা হবে এবং সিলেটকে দেশের অন্যতম আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। 

সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার চলমান ও বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাসের আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব বিশ্বজিত দেব, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হকসহ সিটি করপোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম