Logo
Logo
×
   

জাতীয়

ক্রীড়াঙ্গনকে টেকসই পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পিএম

ক্রীড়াঙ্গনকে টেকসই পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: যুগান্তর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ক্রীড়াঙ্গনকে একটি টেকসই ও সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিভাবান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নাধীন।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে কক্সবাজারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপির) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে বিকেএসপির মতো প্রতিষ্ঠানের বিকল্প নেই। এসব প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কেন্দ্রটির বিভিন্ন ক্রীড়া অবকাঠামো, প্রশিক্ষণ মাঠ ঘুরে দেখেন। পরে বিভিন্ন ডিসিপ্লিনে প্রশিক্ষণরত খেলোয়াড়দের অনুশীলন পর্যবেক্ষণ করেন এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। 

এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের অগ্রগতি, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক আবদুল মান্নান, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক রোকন উদ্দিন আহমেদ, রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা কক্সবাজার অঞ্চলে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণ এবং প্রশিক্ষণের মানোন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা এ খাতে সরকারি সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। 

তারা মনে করছেন, প্রতিমন্ত্রীর এ সফর স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার করবে এবং তরুণ ক্রীড়াবিদদের মাঝে অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, রামুতে অবস্থিত বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় ক্রীড়াবিদদের প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। এখানে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .