Logo
Logo
×

জাতীয়

নবনির্বাচিত দুই এমপির শপথ আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম

নবনির্বাচিত দুই এমপির শপথ আজ

শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল ও বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য আজ রবিবার (১২ এপ্রিল) শপথ নেবেন।  জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথবাক্য পাঠ করাবেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পীকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন, স্থগিতকৃত সাধারণ নির্বাচনে শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ শূন্য আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা।

জাতীয় সংসদ সচিবালয় জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবের স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফল প্রকাশ করা হয়। 

শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুযায়ী গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম, পিতা-মাতা ও ঠিকানা চূড়ান্তভাবে প্রকাশ করা হলো।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষিত হয় এবং গত ৯ এপ্রিল সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় তৎকালীন ভোট গ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিলে গত ৯ এপ্রিল সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম