Logo
Logo
×

সারাদেশ

একেবারে শূন্য হাতে শুরু করেছে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম

একেবারে শূন্য হাতে শুরু করেছে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সরকারের মেয়াদে সারা দেশে এমন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: যুগান্তর

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে কাজ শুরু করেছে। মাইনাস পয়েন্ট থেকে ড. ইউনূস একটি পর্যায়ে এনে শূন্য অবস্থায় রেখেছিলেন। সেই শূন্য অবস্থা থেকেই বর্তমান সরকার কার্যক্রম শুরু করেছে। 

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় ব্রিজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরই বাসাইল-সখীপুরসহ সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছে। তারই অংশ হিসেবে আজ দাপনাজোড় ব্রিজ উদ্বোধন করা হলো। একই দিনে সখীপুরে একটি সড়ক ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এর আগে বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, এভাবে বাসাইল-সখীপুর এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সরকারের মেয়াদে সারা দেশে এমন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে, যাতে জনগণ তার সুফল ভোগ করতে পারেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা তিনি নির্বাচনি প্রতিশ্রুতিতেও উল্লেখ করেছিলেন। পাশাপাশি বাসাইল বাজারের যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের চিন্তাভাবনা চলছে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

এখন থেকে আগামী পাঁচ বছর চাঁদাবাজি, দখলবাজি বন্ধ থাকবে

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সখীপুর-বাসাইল এলাকায় আগামী পাঁচ বছর কোনো নির্মাণকাজ, রাস্তা বা উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজি ও দখলবাজি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এ দিন দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উন্মোচন শেষে তিনি এ কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির ঊর্ধ্বে থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান।  দায়িত্ব গ্রহণের পর থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।  

ঠিকাদারদের উদ্দেশে তিনি বলেন, বিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে।  কোনো ধরনের অনিয়ম বা ফাঁকি সহ্য করা হবে না।

মন্ত্রী আরও বলেন, প্রতিমাসে একবার করে তিনি কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।  যদি নিম্নমানের বালি, সিমেন্ট, খোয়া বা ইট ব্যবহার করা হয়, তাহলে কাজ বন্ধ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে। তিনি স্পষ্টভাবে জানান, উন্নয়ন কাজে কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) একেএম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সিকদার মো. সবুর রেজা, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর শিরিন আক্তার এবং কাকড়াজান ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম