সরকার ইমামদের অবস্থান সুসংহত করতে কাজ করছে: হুইপ দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে জেলাপর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সরকার দেশের ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের মাসিক সম্মানী ভাতা চালু করেছেন।
মঙ্গলবার জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে জেলাপর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের ইমামরা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। ইসলামবিরোধী সেই আওয়ামী শক্তি আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। দেশে আর কোনোদিন যেন ইসলামবিরোধী এই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। ধর্মীয় নেতাদের বিভাজন পরিহার করে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দুলু আরও বলেন, নাটোর জেলার বিভিন্ন মসজিদের ১৭৮ জন ধর্মীয় নেতাকে সরকার মাসিক সম্মানী ভাতা প্রদান করছে। এই সম্মানী ভাতার পরিধি আগামীতে শতভাগে উত্তীর্ণ হবে। এই সম্মানী ভাতার মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শরীফুল হক।
ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. রিয়াজুল ইসলাম সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন।
এর আগে মঙ্গলবার দুপুরে দুলু জেলা বিএনপির কার্যালয়ে টিআর প্রকল্পের আওতায় ১ কোটি ১০ লাখ টাকা ও কাবিটা প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লাখ টাকা বিতরণ করেন।
এ সময় দুলু বলেন, এ দেশে শহীদ জিয়াই সব মানুষের সমান অধিকার ফেরত দিয়েছেন। দেশে একমাত্র বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতা থাকে তখনই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই নিরাপদে জীবনযাপন করে। অন্য দেশে যাই হোক বাংলাদেশে কোনো সংখ্যালঘুর গায়ে একটা নখের আঁচড়ও পড়বে না।
