Logo
Logo
×

জাতীয়

স্বাস্থ্যসেবার মান উন্নত করতে সরকার বদ্ধপরিকর: প্রবাসী কল্যাণমন্ত্রী

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম

স্বাস্থ্যসেবার মান উন্নত করতে সরকার বদ্ধপরিকর: প্রবাসী কল্যাণমন্ত্রী

সার্বিক চিকিৎসাসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স ও স্থানীয় সহযোগিতায় দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেট ডায়াবেটিক হাসপাতাল এ অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল।

বুধবার বিকালে হাসপাতালটির সভা কক্ষে সার্বিক চিকিৎসাসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে হাসপাতালের আধুনিকায়ন ও সেবার পরিধি বাড়াতে দ্রুত নানামুখী টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেবার মানসিকতার ওপর জোর দিয়ে সব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আরও বেশি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার আহ্বান জানান।

সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এমএ আহবাবের সভাপতিত্বে ও ডা. আব্দুল মোক্তাদির কোরেশী সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

এ সময় উপস্থিত নেতা ও চিকিৎসকরা হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় প্রশাসনিক ও সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা. শিব্বির আহমদ শিবলী ও ডা. মো. শামীমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন ও ইশতিয়াক আহমদ সিদ্দিকী, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, কোষাধ্যক্ষ এমএ মান্নান, যুগ্ম কোষাধ্যক্ষ সুমন বণিক, সদস্য ডা. মো. আলতাফুর রহমান, মো. সিদ্দিকুর রহমান অ্যাডভোকেট, মো. মুজিবুর রহমান শওকত, একেএম আহাদুস সামাদ, বশিরুল হক, এএইচএম মোস্তাকিম চৌধুরী, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, মো. নাসিম হোসেন, মো. ইমরান চৌধুরী, ডা. শামীম আহমদ, মো. হিজকিল গুলজার, তোফায়েল খান, এজাজ আহমদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সুদীপ রঞ্জন সেন বাপ্পুসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম