ভূমিমন্ত্রী
রাজশাহী ফার্স্ট, আমার কাছে মন্ত্রিত্ব এমপি মেয়র বড় জিনিস নয়
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম
জুলাই আন্দোলনের এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু
|
ফলো করুন |
|
|---|---|
ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। নেসকো কেন, কোনো কিছু রাজশাহী থেকে কোথাও যাবে না। রাজশাহী ফার্স্ট। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি, মেয়র বড় জিনিস নয়। এই মাটিতেই আমার জন্ম। এই মাটিতেই আমার মৃত্যু হবে। এটিই আমার আকাঙ্ক্ষা, এটিই আমার চাওয়া। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন।
বুধবার জুলাই আন্দোলনের এক আলোচনা অনুষ্ঠানে মিনু এসব কথা বলেন।
জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদসহ পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উল্লেখ্য, আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় ছিল রাজশাহীতে। সম্প্রতি বগুড়াতেও একটি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় খোলা হয়েছে। প্রতিটি বিভাগে একটি করে এই অফিস থাকলেও ব্যতিক্রম হলো শুধু রাজশাহী বিভাগে।
জানা গেছে, রাজশাহী থেকে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় নেওয়ার তৎপরতা শুরু হয়েছে। এটি নিয়ে রাজশাহীবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।
