Logo
Logo
×
   

জাতীয়

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:৪০ এএম

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

সংগৃহীত

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা শহীদ ও যুদ্ধাহত হয়েছেন, বর্ষা বিপ্লবে তাদের তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে বিচ্যুত হতে চান না তারা এবং তরুণদের স্বপ্ন যেন আর পদদলিত না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বর্ষা বিপ্লবকে হৃদয়ে ধারণ করার কথা বলেন।

হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, জাতীয় যে কোনো সংকটে সবাইকে একতাবদ্ধ হয়ে লড়তে হবে এবং ভবিষ্যতে যাতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার তাগিদ দেন তিনি।

বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে লড়তে হবে। এ সময় তিনি জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, আহ্বায়ক ও সংসদ-সদস্য হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য বক্তারা সকল মতপার্থক্য নির্বিশেষে পরিবর্তিত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .