Logo
Logo
×
   

জাতীয়

ভারি বৃষ্টি কবে থামবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

ভারি বৃষ্টি কবে থামবে

ফাইল ছবি

আগামী দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও এরপর এ বছর আর উল্লেখযোগ্য ভারি বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদদের মতে, আগস্টের ৯ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং সেপ্টেম্বর পর্যন্ত কেবল বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে বর্ষা মৌসুমের মাঝামাঝি সময় চলছে। যদিও ঋতুচক্র অনুযায়ী আষাঢ় ও শ্রাবণকে বর্ষাকাল ধরা হয়, তবে আবহাওয়া অধিদপ্তরের হিসেবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসই বর্ষা মৌসুম।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী দুই থেকে তিন দিন মোটামুটি সারা দেশেই বৃষ্টি হবে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে। সে অনুযায়ী বলা যায়, আগস্টের ৯ তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখযোগ্য হারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তর আজ ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলেছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হয়েছে।

বেলা ১১টার পর ঢাকায় ভারি বৃষ্টি হয়। আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আগামী শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী রবি ও সোমবারও এসব বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .