Logo
Logo
×

জাতীয়

ঢাকার বাতাসের মানে উন্নতি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১১:২৮ এএম

ঢাকার বাতাসের মানে উন্নতি

ছবি : সংগৃহীত

বৃষ্টিতে রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। এতে বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ ১৫ শহরেরও মধ্যেও নেই ঢাকা। বুধবার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। 

বুধবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে সবার শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। শহরটির বাতাসের মানের স্কোর ১৫৮, এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে তালিকায় শীর্ষ ২ নম্বরে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। ১৫৩ স্কোর নিয়ে শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

অন্যদিকে ১৫২ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। এছাড়া ৯৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ১৮ নম্বরে অবস্থান করছে ঢাকা। বাতাসের এই মান ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম