Logo
Logo
×

জাতীয়

রাবিতে আলোচনায় বক্তারা

‘পার্বত্য চট্টগ্রাম জাতীয় নিরাপত্তার লৌহ প্রাচীর’

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:০৬ পিএম

‘পার্বত্য চট্টগ্রাম জাতীয় নিরাপত্তার লৌহ প্রাচীর’

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামকে কেবলই নান্দনিক প্রাকৃতিক দৃশ্যের সমাহার কিংবা পর্যটন স্পট হিসেবে বিবেচনা করা মস্ত বড় অবিবেচকের কাজ হবে। একে একাধারে জাতীয় নিরাপত্তার লৌহ প্রাচীর হিসেবে দেখতে হবে। অপরাধ, খুন, ডাকাতির মতো নানা কর্মকাণ্ডের মাধ্যমে অঞ্চলটিকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। যুগ যুগ ধরে এর সৌন্দর্য ও ভূ-রাজনৈতিক অবস্থানের প্রতি প্রতিবেশী রাষ্ট্রের নজর রয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ: সচেতনতা ও সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে ‘সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন, ঢাকা’। 

সেমিনারে সিনিয়র সাংবাদিক ও গবেষক সরদার আবদুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রাম নামক বিস্তীর্ণ ভূমিকে কেবলই নান্দনিক প্রাকৃতিক দৃশ্যের সমাহার কিংবা পর্যটন স্পট হিংসেবে বিবেচনা করা মস্ত বড় অবিবেচকের কাজ হবে। একে একাধারে জাতীয় নিরাপত্তার লৌহ প্রাচীর হিসেবে দেখতে হবে। একইসঙ্গে বহু মূল্যবান প্রাকৃতিক সম্পদের আধার হিসেবে মূল্যায়ন করতে হবে। এর চারপাশের বিচিত্র সীমানা এবং পরদেশের ভূমির সংযুক্তি পার্বত্য এলাকাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। 

বাংলাদেশের এই সম্ভাবনাময় ভূমিকে রক্ষায় তিনি ১০ দফা সুপারিশ তুলে ধরেন।

সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শাহাদাত হোসেন মণ্ডল বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। তাহলে শুধু এই অঞ্চলটি নিয়ে সেমিনার হচ্ছে কেন? কারণ এ বিষয়ে আমাদের জানতে হবে, সম্পৃক্ত হতে হবে। পার্বত্য চট্টগ্রামে কী নেই? সেখানে জনশান্তি নেই। অপরাধ, খুন, ডাকাতির মতো নানা কর্মকাণ্ডের মাধ্যমে অঞ্চলটিকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। যুগ যুগ ধরে এর সৌন্দর্য ও ভূ-রাজনৈতিক অবস্থানের প্রতি প্রতিবেশী রাষ্ট্রের নজর রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহমান সিদ্দিকী বলেন, এ ধরনের সভা আমরা আগে আয়োজন করতে পারিনি, যা অত্যন্ত দুঃখজনক। সচেতন নাগরিক হিসেবে আমাদের এ ধরনের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল। আমাদের দেশে প্রায় ৪৫টি জাতিগোষ্ঠী রয়েছে। তাদের প্রত্যেকের নিজস্ব ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামেই অন্তত ১৪টি জাতিগোষ্ঠীর বসবাস। 

প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, মানুষের জীবনের জন্য তার সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন সংস্কৃতিতে আঘাত আসে, তখন তা জীবনকেও প্রভাবিত করে। পার্বত্য চট্টগ্রামের ইস্যুর সঙ্গে এই সাংস্কৃতিক বিষয়গুলো গভীরভাবে সম্পৃক্ত। আজকের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। 

সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক তারেক ফজল। কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে সরদার আবদুর রহমান। আলোচক হিসেবে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শাহাদাত হোসেন মণ্ডল, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম নজরুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুরশিদা ফেরদৌস প্রমুখ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম