Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে রোজা শুরু কবে, জানা গেল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ পিএম

পাকিস্তানে রোজা শুরু কবে, জানা গেল

পাকিস্তানে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯ ফেব্রুয়ারির পূর্বাভাস দিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জিও টিভির প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজানের চাঁদ জন্ম নেবে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা ১ মিনিটে (পাকিস্তান সময়)। পরদিন ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখার অনুকূল পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

সুপারকো জানায়, ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ২৫ ঘণ্টা ৪৮ মিনিট। উপকূলীয় এলাকাগুলোতে সূর্যাস্ত ও চন্দ্রাস্তের ব্যবধান প্রায় ৫৯ মিনিট হতে পারে— যা খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা বাড়াবে। জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ভিত্তিতে ওই সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখার জোর সম্ভাবনা রয়েছে।

তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে দেশটির সংশ্লিষ্ট কমিটি। দেশজুড়ে প্রাপ্ত প্রত্যক্ষ সাক্ষ্যের ভিত্তিতেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

চাঁদ দেখার জন্য কেন্দ্রীয় কমিটির বৈঠক ১৮ ফেব্রুয়ারি পেশোয়ারে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল খাবির আজাদ। একই সময়ে ইসলামাবাদ, লাহোর, করাচি ও কোয়েটাসহ বিভিন্ন স্থানে জোনাল কমিটির বৈঠকও হবে।

এদিকে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, এ বছর পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে রমজান শুরু হওয়ার জোর সম্ভাবনা আছে। তাদের তথ্য অনুযায়ীও রমজানের নতুন চাঁদ জন্ম নেবে ১৭ ফেব্রুয়ারি।

তবে ১৭ ফেব্রুয়ারি সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আফ্রিকা ও ইউরোপসহ বিশ্বের বেশিরভাগ অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। বৈজ্ঞানিক পূর্বাভাস বলছে, ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানসহ বিভিন্ন দেশে চাঁদ সহজেই দৃশ্যমান হতে পারে। করাচি, ইসলামাবাদ, পেশোয়ার ও মক্কায় ওই দিন চাঁদ স্পষ্টভাবে দেখা যেতে পারে।

সবকিছু অনুকূলে থাকলে পাকিস্তানে রোজা শুরুর প্রথম দিন হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম