জাদুকাটা নদীর তীর কেটে অবৈধ বালু উত্তোলন, বদলে যাচ্ছে গতিপথ
ছবি: শিহাব সরোয়ার শিপু
শিহাব সরোয়ার শিপু (ফটো সাংবাদিক) সুনামগঞ্জ
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। ড্রোনে ধারণ করা সাম্প্রতিক ছবিতে দেখা গেছে, নদীর বালু ও তীর কেটে অসংখ্য নৌকায় করে বালু তোলা ও পরিবহণ করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে তীর ভাঙনের ঝুঁকি।
ছবিতে দেখা যায়, নদীর একাধিক স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং তীর ধসে পড়ছে। দিনে শেইভ মেশিন দিয়ে বালু উত্তোলন করা হলেও রাতা পাঠাপাড়া খেয়াঘাট থেকে শুরু করে সোহালা পর্যন্ত পরিবেশবিধ্বংসী অবৈধ ড্রেজার মেশিন ও দেশীয় নৌযান ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দিন-রাত বালু লুট করছে। বিশেষ করে রাতের আঁধারে তীর কেটে বালু তোলার প্রবণতা বেশি।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হতে পারে, বর্ষা মৌসুমে ভয়াবহ ভাঙন দেখা দিতে পারে এবং কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়তে পারে। পাশাপাশি জীববৈচিত্র্য ও পর্যটন শিল্পেও নেতিবাচক প্রভাব পড়বে।
