|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এ সংসদের যাত্রা শুরু হয়েছে। নতুন সরকারের শপথ গ্রহণ এবং সংসদীয় গণতন্ত্রের নতুন পথচলায় আসন্ন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সংবিধানের নিয়ম অনুযায়ী, অধিবেশনের শুরুতে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়, যার পরপরই সংসদ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি। সংসদের এই প্রথম অধিবেশনে কোন কোন গুরুত্বপূর্ণ বিল এবং আগামীর রোডম্যাপ উত্থাপিত হচ্ছে— তা নিয়ে সারা দেশে চলছে ব্যাপক আগ্রহ। নতুন এই সংসদের বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে কয়েকদিন ধরে চলছিল আলোচনা।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের দর্শক গ্যালারিগুলো ভরে গেছে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে। প্রথম অধিবেশন সংসদের ভিভিআইপি গ্যালারিতে ছিলেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছিলেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
বেলা ১১টা ৫ মিনিটে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নির্বাচিত সংসদ সদস্যরা সকাল ১০টা থেকে অধিবেশন কক্ষে প্রবেশ করেন, নিজের আসনটি দেখে নেন, একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
সংসদ সচিবালয় প্রথম অধিবেশনে বিশিষ্ট নাগরিক, কূনীতিক, সরকারি ঊর্ধবতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রিত অতিথিদের জন্য চারপাশের গ্যালারিতে আসন দেওয়া হয়।
ভিভিআিইপি লাউঞ্জের স্পিকারের ডান পাশের গ্যালারিতে বসেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, তার মা সৈয়দা ইকবাল মান্দবানু, তারেককন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী শামিলা রহমান সিঁথি। বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দু দ্বিতীয় সারিতে বসেন।
