Logo
Logo
×

অন্যান্য

আমাদের ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল: চরমোনাই পীর

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

আমাদের ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল: চরমোনাই পীর

বক্তব্য রাখছেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: যুগান্তর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল আমাদের ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল। তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তারা ক্ষমতায় গিয়ে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বালুর মাঠ এলাকায় অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধুসূলভ আচরণ করবে এটাই বাস্তবতা; কিন্তু ভারতের বন্ধুসূলভ আচরণ আমরা ইতিহাসে পাইনি। একটি দল ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। ওই দলটি পরীক্ষিত সাথীদের সঙ্গে প্রতারণা করতে পারে। তারা ক্ষমতায় গেলে জনগণের সঙ্গে প্রতারণা করবে। এ প্রতারকদের ক্ষমতায় যাওয়ার আমরা সিঁড়ি হতে চাই না। সেই কারণে আমরা বিষয়টি বুঝতে পেরে ১১ দলীয় জোট ছেড়ে দিয়েছি।

রেজাউল করিম বলেন, আমরা যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে পথ চলছিলাম। সেই লক্ষ্য উদ্দেশ্য ম্লান করে রঙিন স্বপ্ন যারা দেখেছে, তাদের মাধ্যমে জাতি ও দেশ প্রতারিত হবে। দেশ আবারও অশ্চিয়তার দিকে চলে যাবে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে। আমি নিজেও এমপি প্রার্থী হইনি। মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। দেশ ও জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজনীতি। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই রাজনীতি।

চরমোনাই পীর বলেন, ৭১ সালে যে আশা ও লক্ষ্য নিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন করেছিল। লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, মা সন্তান হারিয়েছিল। দেশ স্বাধীনের লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা; কিন্তু ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে লক্ষ্যগুলো একটিও বাস্তবায়ন দেখিনি। ৫ আগস্ট দেশে অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের পর ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের শপথ হওয়ার কথা ছিল; কিন্তু আমাদের দেশে ফাঁসির আসামিদেরও ছেড়ে দেওয়ার মতো ঘটনা আমরা দেখছি।

এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত এমপি প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি, সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহকে আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম