Logo
Logo
×
   

অন্যান্য

মামুনুল হক

প্রয়োজনে আবারও মাদ্রাসাগুলো থেকে ‘আবাবিল’ রাজপথে নামবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

প্রয়োজনে আবারও মাদ্রাসাগুলো থেকে ‘আবাবিল’ রাজপথে নামবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের যেখানেই জুলুম হবে, সেখানেই প্রতিরোধ গড়ে উঠবে। প্রয়োজনে আবারও মাদ্রাসাগুলো থেকে ‘আবাবিল’ রাজপথে নেমে আসবে, ইনশাআল্লাহ।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বক্তব্যের শুরুতে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত ও একটি চোখ হারানো কিশোর আলিফের কথা স্মরণ করেন মামুনুল হক। তিনি জানান, সম্প্রতি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গিয়ে আলিফের সঙ্গে দেখা করেছেন। তাকে সাহস দিতে গেলেও উল্টো আলিফের কাছ থেকেই নতুন করে সাহস নিয়ে ফিরেছেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, আলিফ তাকে বলেছিলেন- গলায় কাঁটা প্রথমে বিঁধলে সহজে বের করা যায়, কিন্তু সেটি গভীরে বসে গেলে অপসারণ করতে অনেক রক্তক্ষরণ হয়।

সেই প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে ফ্যাসিবাদী শক্তি দেশের মানুষের ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। ফলে তা উৎখাতে বিপুল আত্মত্যাগ করতে হয়েছে। নতুন করে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে শুরুতেই তা প্রতিরোধ করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী জালিমকে জুলুম থেকে বিরত রাখাই তাকে সাহায্য করার প্রকৃত উপায়।

মামুনুল হক বলেন, অতীতে দেশের ছাত্ররাজনীতিতে আদর্শভিত্তিক প্রতিযোগিতা ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের উত্থান হয়েছে, যারা মেধা ও আদর্শের রাজনীতিকে সামনে এনেছে। এই নতুন বাস্তবতায় শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও আধিপত্যের রাজনীতি চলতে পারে না।

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে মামুনুল হক বলেন, জুলাই আন্দোলনের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজপথে নেমেছিল। অন্যায়-অবিচার অব্যাহত থাকলে ভবিষ্যতেও একইভাবে তারা মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে আবারও মাদ্রাসাগুলো থেকে ‘আবাবিল’ রাজপথে নেমে আসবে।

সমাবেশে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .