Logo
Logo
×

রাজনীতি

‘দেশকে উন্নতির শিখরে নিতে একযোগে কাজ করতে হবে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০১:১২ এএম

‘দেশকে উন্নতির শিখরে নিতে একযোগে কাজ করতে হবে’

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশকে উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গঠনের জন্য সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন এনজিওকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, উন্নত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও সরকারের অনুপ্রেরণায় বেসরকারী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরাসরি বেসরকারি সংগঠনকে প্রত্যক্ষ সহযোগিতা দিতো। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতাই দেশকে এগিয়ে নিতে পারে।  

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে তেজগাঁও ইমপালস্ হাসপাতাল মিলনায়তনে ইনডেক্স গ্রুপ আয়োজিত ‘আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট (এবি ট্রাস্ট) কৌশলগত সম্প্রসারণ প্রস্তাব’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার। সেমিনারে বিশ্লেষণমূলক বক্তব্য দেন মনির হোসেন।  

শিমুল বিশ্বাস বলেন, বিগত আওয়ামী লীগ শুধু বিরোধীদলের প্রতি দমন-পীড়নেই ব্যস্ত ছিলো না। তারা বিভিন্ন সামাজিক সংগঠন এবং এনজিও গুলোকেও দলীয়করণ করেছিল। যে কারণে এসব সংগঠনের মাধ্যমে জনগণ সরাসরি উপকৃত হতে পারেনি। তাই রাষ্ট্র এবং সমাজের প্রয়োজনে আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনসহ জনকল্যাণমুখী সকল কর্মকাণ্ডকে উৎসাহ দিতে হবে। 

এসময় ইমপালস হাসপাতালের প্রিন্সিপাল রানা ফেরদৌস রত্না, পরিচালক খালেদা ইয়াসমিন, জান্নাতুল হক শাপলা, শিল্পপতি আজিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা নেছার আহমেদ নান্নু, সাংবাদিক মাহমুদুল হাসানসহ বিভিন্ন তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম