রায় পিআরের পক্ষে আসে নাকি বিপক্ষে যাচাই করুন: এটিএম মাসুম
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:১২ পিএম
বক্তব্য রাখছেন এটিএম মোহাম্মদ মাসুম। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম বলেছেন, অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার করলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে। প্রয়োজনে পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন। রায় পিআরের পক্ষে আসে নাকি বিপক্ষে আসে যাচাই করুন।
তিনি বলেন, জনগণ যদি পিআর মানে তাহলে আপনাদেরও মানতে হবে। আর জনগণের রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে আমরা জামায়াতে ইসলামী মেনে নেব।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে নগরীর আইটি কনভেনশন হলে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্য সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম মাসুম বলেন, বাংলাদেশের মাটিতে আর যেন কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার আসতে না পারে সেজন্য পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমানের পরিচালনায় প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমির অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন।
সেমিনারে উপস্থিত ছিলেন, মহানগরীর জামায়াতে সহকারী সেক্রেটারি যথাক্রমে মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, দপ্তর সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, অর্থ সম্পাদক আমির হোসাইন ফরায়েজী, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য, অধ্যাপক মজিবুর রহমান, মোহাম্মদ হোসাইন, কাজী নজির আহম্মেদ প্রমুখ।
